১৮ অক্টোবর ২০২৬, ২০:৫৫

এইচএসসির ফল কত তারিখে, জানা যাবে আগামী সপ্তাহের শুরুতে

এইচএসসি পরীক্ষার কেন্দ্র  © প্রতীকী ছবি

আগামী সপ্তাহে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। সম্প্রতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেছিলেন, আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশ করা হবে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে তারা।

ফল কোন দিন প্রকাশিত হবে, এ বিষয়ে আজ রবিবার (১৮ অক্টোবর) রাতে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি সপ্তাহের শেষে কিংবা আগামী সপ্তাহের শুরুতে শিক্ষামন্ত্রী ফল প্রকাশের সময় দেবেন। এরপর জানানো হবে কোন দিন ফলাফল প্রকাশিত হবে।

বর্তমানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চীনে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে ২৫ অক্টোবরের আগে ২৩ কিংবা ২৪ অক্টোবর ফল প্রকাশের সময় জানাতে পারেন বলেও অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন।

এদিকে, একদিন পর আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি। এই ছুটি শেষ হবে আগামী শনিবার (২৪ অক্টোবর)।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে ছুটি ছিল। এর সঙ্গে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের (২২ অক্টোবরের পর ২৩ ও ২৪ অক্টোবর, শুক্র ও শনিবার) ছুটি পাচ্ছেন।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।