বদলির ভোগান্তি কমাতে থাকছে হোয়াটসঅ্যাপ নম্বর, আসছে ভিডিও টিউটোরিয়াল
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম অনলাইনে পরিচালনার উদ্যোগ নেওয়া হলেও নতুন সফটওয়্যার ব্যবহারে শিক্ষকদের যাতে ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়েও প্রস্তুতি নিচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। সফটওয়্যার ব্যবহারে কোনো সমস্যা হলে শিক্ষকদের সরাসরি যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বদলির আবেদন কীভাবে করতে হবে, তা সহজে বুঝতে সফটওয়্যারের সঙ্গে ভিডিও টিউটোরিয়াল যুক্ত করার পরিকল্পনাও রয়েছে অধিদপ্তর।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা (এমপিও শাখা) শাকিলা রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নতুন সফটওয়্যার ব্যবহারের সময় শিক্ষকরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য তাঁদের সরাসরি যোগাযোগের সুযোগ রাখার পরিকল্পনা করা হচ্ছে।
তিনি বলেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিক্ষকদের সমস্যার কথা জানানো এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি সফটওয়্যার ব্যবহারের বিভিন্ন ধাপ সহজভাবে বোঝাতে ভিডিও টিউটোরিয়াল দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
বদলি কার্যক্রমে বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেবেন। ফলে সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে লগইন, তথ্য ইনপুট, পছন্দের প্রতিষ্ঠান নির্বাচন কিংবা আবেদন জমা দেওয়ার মতো বিভিন্ন ধাপে সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা সমাধানে শিক্ষকরা যাতে সরাসরি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে জন্য একটি যোগাযোগব্যবস্থা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শুরুতে হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে শিক্ষকদের সমস্যার কথা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পরবর্তী সময়ে প্রয়োজন হলে এটিকে হেল্পলাইন ব্যবস্থায় রূপ দেওয়া হতে পারে।
এ ক্ষেত্রে শিক্ষকরা সফটওয়্যার ব্যবহারের সময় কোনো সমস্যায় পড়লে সরাসরি সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করে সমস্যার কথা জানাতে পারবেন। কোন ধরনের সমস্যা বেশি হচ্ছে, সেগুলোও পর্যবেক্ষণ করবে অধিদপ্তর। এতে সফটওয়্যারের ত্রুটি বা ব্যবহারকারীদের সাধারণ সমস্যাগুলো দ্রুত শনাক্ত করার সুযোগ তৈরি হবে।
বদলি সফটওয়্যার ব্যবহারের নিয়ম বোঝাতে ভিডিও টিউটোরিয়াল তৈরির পরিকল্পনাও রয়েছে। এতে একজন শিক্ষক কীভাবে সফটওয়্যারে প্রবেশ করবেন, নিজের তথ্য যাচাই করবেন, পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ খুঁজবেন এবং আবেদন সম্পন্ন করবেন এসব ধাপ সহজভাবে দেখানো হতে পারে।
তবে সফটওয়্যারটি পুরোপুরি চূড়ান্ত হওয়ার পর ভিডিও টিউটোরিয়াল তৈরির বিষয়ে গুরুত্ব দিচ্ছে অধিদপ্তর। কারণ সফটওয়্যারে পরিবর্তন বা সংশোধন করা হলে আগের ভিডিওতেও পরিবর্তন আনতে হতে পারে।
অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সফটওয়্যার চূড়ান্ত হওয়ার পর ভিডিও টিউটোরিয়াল তৈরি করে তা সফটওয়্যারের সঙ্গে যুক্ত করা হলে শিক্ষকরা নিজেরাই দেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে একই ধরনের সমস্যার জন্য বারবার অধিদপ্তরে যোগাযোগের প্রয়োজনও কমবে।
ভিডিও টিউটোরিয়াল এখনো তৈরি না হলেও শিক্ষকদের জন্য ছবি ও লিখিত নির্দেশনাসহ ইউজার ম্যানুয়াল প্রস্তুত করা হয়েছে। এতে সফটওয়্যারের বিভিন্ন ধাপে কীভাবে কাজ করতে হবে, তা নির্দেশনা ও ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে।
অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বদলি কার্যক্রম পুরোপুরি সফটওয়্যারনির্ভর হওয়ায় ব্যবহারকারীদের জন্য সহজবোধ্য নির্দেশনা গুরুত্বপূর্ণ। তাই ইউজার ম্যানুয়াল, যোগাযোগের নম্বর এবং পরবর্তী সময়ে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিক্ষকদের সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর ফলে বদলি আবেদন করতে গিয়ে শিক্ষকরা কোনো ধাপে আটকে গেলে প্রথমে নির্দেশিকা দেখে সমাধান করার সুযোগ পাবেন। সমাধান না হলে যোগাযোগের নির্ধারিত মাধ্যমে সংশ্লিষ্টদের সহায়তা নিতে পারবেন।