১৯ আগস্ট ২০২৬, ১৫:৪৭

৭ বিসিএস পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল, নেপথ্যে আপত্তিকর বিষয় লেখাসহ ৪ কারণ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন   © সংগৃহীত

৫০তম বিসিএসের ৭ পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষার খাতায় আপত্তিকর বিষয় লেখাসহ ৪ কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষায় বিজ্ঞপ্তির শর্ত ও পরীক্ষার নির্দেশনা অমান্য করায় কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সাতজন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর মধ্যে একজন পরীক্ষার্থী দুটি স্মার্ট ফোন ও একটি স্মার্ট ওয়াচসহ পরীক্ষায় অংশ নেন। আরেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ের আগে সংশ্লিষ্ট পরিদর্শকের কাছে উত্তরপত্র জমা না দিয়ে পরীক্ষা কক্ষ ত্যাগ করেন।

এ ছাড়া চারজন পরীক্ষার্থীর বিরুদ্ধে অন্যের সম্পূর্ণ উত্তরপত্র দেখে লেখা বা নকল করার অভিযোগ পাওয়া গেছে। অপর একজন পরীক্ষার্থী প্রশ্নপত্রের সঙ্গে সংশ্লিষ্টতা নেই—এমন আপত্তিকর বিষয় লিখেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের ৫০তম বিসিএসের পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের ওই বছর ও পরবর্তী এক বছর কমিশন কর্তৃক অনুষ্ঠিত যেকোনো পরীক্ষায় অংশগ্রহণ এবং কমিশন বিজ্ঞাপিত যেকোনো পদে আবেদন করার জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।