১৩ আগস্ট ২০২৬, ১৯:৩১

একাদশে আবেদন, ফলাফল, ভর্তি, ক্লাস শুরু—ভর্তি নীতিমালার খসড়ায় যা যা আছে

কলেজে ভর্তি  © সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিকের ফলাফল চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে। এবার কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়ায় নামার পালা শিক্ষার্থীদের। জানা গেছে, ভর্তির প্রক্রিয়া শেষ করতে এবার অন্তত তিনমাস লেগে যাবে শিক্ষার্থীদের। এরপর ক্লাসে যাবেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিমধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালায় খসড়া প্রস্তুত করা হয়েছে। আগামী সপ্তাহে সেটা চূড়ান্ত করা হবে। খসড়ায় একাদশ শ্রেণিতে আবেদন, ফলাফল, ভর্তি ও ক্লাস শুরু প্রভৃতির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। এবারও ভর্তিতে অনলাাইনে আবেদন গ্রহণ করা হবে।

সূত্র জানায়, ভর্তি নীতিমালার খসড়ায় অনলাাইনে আবেদন গ্রহণ ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পতি চলবে ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত। শুধুমাত্র পুনঃনিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন ৬ অক্টোবর গ্রহণ করা হবে এবং পছন্দক্রম পরিবর্তনও একই দিনে করা যাবে।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল ১০ অক্টোবর প্রকাশ করা হবে। শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের  নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) ফল প্রকাশের পর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত করা যাবে।

২য় পর্যায়ের আবেদন ১৪ অক্টোবর শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত করা যাবে। পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল ১৯ অক্টোবর প্রকাশ করা হবে। ২য় পর্যায়ের আবেদনের ফলও ১৯ অক্টোবর প্রকাশ করা হবে। ২য় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের  নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) ২য় পর্যায়ের ফল প্রকাশের পর থেকে ২১ অক্টোবর পর্যন্ত করা যাবে।

৩য় পর্যায়ের আবেদন গ্রহণ ২২ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ অক্টোবর পর্যন্ত করা যাবে। পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল ২৬ অক্টোবর পর্যন্ত করা যাবে। ৩য় পর্যায়ের আবেদনেরে ফল ২৬ অক্টোবর প্রকাশ করা হবে।

৩য় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ৩য় পর্যায়ের নির্বাচন এবং আবেদন বাতিল হবে) ৩য় পর্যায়ের ফল প্রকাশের পর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।

সর্বশেষ মাইগ্রেশনের ফল ২৯ অক্টোবর প্রকাশ করা হবে। আর কলেজে ভর্তি ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৫ নভেম্বর পর্যন্ত চলবে। সর্বশেষ একাদশে ক্লাস শুরু হবে ৮ নভেম্বর থেকে।