কলেজে ক্লাস শুরু হতে পারে ১২ নভেম্বর
চলতি বছরের উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণির ক্লাস আগামী ১২ নভেম্বর থেকে শুরুর পরিকল্পনা করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। এ সংক্রান্ত প্রস্তাবনা আগামীকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রস্তাবনা অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হতে পারে।
ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন, ‘১৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরুর পর ১০ নভেম্বরের মধ্যে ভর্তির যাবতীয় কার্যক্রম শেষ করা হবে। এরপর ১২ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর প্রস্তাবনা করা হয়েছে। বিষয়গুলো আগামীকাল প্রস্তাবনা আকারে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এরপর মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। প্রায় ৭ লাখ পরীক্ষার্থী পাস করতে পারেনি। এই হিসাবে এবার অর্ধেকের বেশি আসন খালি থাকবে।
সারা দেশে একাদশ শ্রেণিতে (কলেজ ও মাদ্রাসা) ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। গতবার ভর্তি হয়েছিল মোট আসনের ৫৮ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ খালি ছিল ৪১ দশমিক ৩ শতাংশ। এ বছর পাসের হার আরও কমেছে। ফলে আসনসংখ্যা আরও বেশি শূন্য থাকবে।
তবে মোট আসন খালি থাকলেও জিপিএ-৫ পেয়েও অনেকে তাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। কারণ, তুলনামূলক ভালো প্রতিষ্ঠানে আসন কম। এবার ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন।