এসএসসি নিয়ে ২৮ জুলাইয়ের মধ্যেই সব প্রস্তুতি, ফল প্রকাশের দিন চূড়ান্ত করবে সরকার
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে ২৮ জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তবে ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ সরকার নির্ধারণ করবে বলে জানিয়েছেন তিনি।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান রবিবার (২৬ জুলাই) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ২৮ জুলাইয়ের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করব। এরপর সরকার সুবিধাজনক সময়ে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করবে। সে অনুযায়ী, আমরা ফলাফল প্রকাশ করব।’
৩০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, বিভিন্ন মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন, ‘ফলাফল প্রকাশের কোনো তারিখ নির্ধারণ হয়েছে কিনা, আমার জানা নেই। সরকার তারিখ নির্ধারণ করলে আমরা সেভাবে সব কার্যক্রম সম্পন্ন করব।’
আরও পড়ুন: এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড
জানা গেছে, সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী অংশ নিতে ফরম পূরণ করে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।