২৬ জুলাই ২০২৬, ০৯:৫৪

এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড  © টিডিসি সম্পাদিত

এইচএসসি ও সমমানের রসায়ন দ্বিতীয় পত্রের সৃজনশীল পরীক্ষার কয়েকটি প্রশ্নে ভুলের অভিযোগ উঠলেও তা ঠিক নয় বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। ইতিমধ্যে উত্তরপত্র মূল্যায়নের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে । এসব প্রশ্নসহ পুরো প্রশ্নপত্রের আলোকে নম্বর প্রদান কীভাবে হবে, সে সংক্রান্ত নির্দেশিকা প্রধান পরীক্ষক ও পরীক্ষকরা অনুসরণ করবেন।

জানা গেছে, গত বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত হয়েছে এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা। তবে প্রশ্নটিতে কয়েকটি ভুলের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা; যা নিয়ে পরীক্ষার্থীরা বিভ্রান্তি ও মানসিক চাপের মুখে পড়েছেন বলে তারা জানিয়েছেন। ১, ৫, ৬ ও ৮ নম্বর উদ্দীপকে ভুল আছে বলে শিক্ষার্থীরা জানান।

যদিও এমন দাবি সঠিক নয় বলে জানিয়েছেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বোর্ডের শীর্ষ এক কর্মকর্তা রবিবার (২৬ জুলাই) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রশ্নে কোনো ভুল নেই। সৃজনশীল প্রশ্নে ৪টি দক্ষতা থাকে। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। পরীক্ষার্থীরা প্রথম তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলেও উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর সাধারণ শিক্ষার্থীদের বুঝতে কষ্ট হয়। তারা মনে করে প্রশ্নে ভুল আছে।’

বোর্ডের এ কর্মকর্তা বলেন, ‘উচ্চতর দক্ষতা অংশের প্রশ্নটি তুলনামূলক কঠিন হয়। এটি এমনভাবে তৈরি করা হয়, যাতে শিক্ষার্থীদের বিশ্লেষণ ও সমস্যা সমাধানের সক্ষমতা মূল্যায়ন করা যায়। তাই এই অংশের প্রশ্ন সবার জন্য সহজ হওয়ার কথা নয়।’

আরও পড়ুন: এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখুন এখানে

তিনি আরও বলেন, ‘এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেটির বাস্তব কোনো ভিত্তি নেই। প্রশ্নে কোনো ভুল হয়নি। মূলত কিছু কোচিং সেন্টারের মালিকরা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন। তারা যে ধরনের প্রশ্ন পড়িয়েছেন, সেগুলো পরীক্ষায় না আসায় আগামী বছর শিক্ষার্থীরা তাদের কোচিংয়ে কম যেতে পারে এমন আশঙ্কা থেকেই তারা শিক্ষার্থীদের উসকানি দিচ্ছেন।’

এ কর্মকর্তা বলেন, ‘এবার প্রায় ১২ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীই প্রায় আট লাখ। অথচ শিক্ষার্থীদের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ আসেনি। বরং কিছু কোচিং সেন্টার প্রশ্ন নিয়ে অযথা বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। আমাদের দৃষ্টিতে প্রশ্নের মান ভালো হয়েছে এবং প্রশ্নে কোনো ত্রুটি নেই।’