১১ জুলাই ২০২৬, ১৪:৫৭

এইচএসসির কেন্দ্র থেকে পাঠানো উত্তরপত্র নিয়ে বিপাকে বোর্ড

পরীক্ষার উত্তরপত্র ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো  © সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পাঠানোর ক্ষেত্রে কিছু পরীক্ষাকেন্দ্রের অসতর্কতায় জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শুক্রবার (১০ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৬ এর পরীক্ষা কেন্দ্র থেকে ওএমআর এবং উত্তরপত্র খাকি কাপড়ে মুড়িয়ে ডাকযোগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কিছু পরীক্ষা কেন্দ্র ওএমআর এবং উত্তরপত্র খাকি কাপড়ে না মুড়িয়ে এবং প্যাকেটের গায়ে ওএমআর বা উত্তরপত্র নির্দিষ্টকরণ না লিখেই বোর্ডে পাঠাচ্ছে। এর ফলে উত্তরপত্র গ্রহণ ও সংরক্ষণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। 

এতে আরও বলা হয়, কেন্দ্র থেকে ওএমআর এবং উত্তরপত্র ডাকযোগে বোর্ডে পাঠানোর ক্ষেত্রে বৃষ্টির পানি লাগা বা অন্য কোনো কারণে যাতে ভিজে না যায়, সে জন্য প্রথমে পলিথিনে প্যাকেটজাত করে এরপর খাকি কাপড়ের প্যাকেটে ভরে পাঠাতে হবে। এছাড়া খাকি কাপড়ের প্যাকেটের গায়ে অবশ্যই ওএমআর বা উত্তরপত্র নির্দিষ্ট করে লিখে বোর্ডে পাঠাতে হবে।