০৬ জুলাই ২০২৬, ২০:১১

মাদ্রাসা বোর্ডের এইচএসসির প্রশ্নে জুলাই গণ-অভ্যুত্থান, দুই বোনের সাহসী ভূমিকা নিয়ে উদ্দীপক

জুলাই আন্দোলন  © ফাইল ছবি

চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বাংলা প্রশ্নপত্রে উঠে এসেছে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট। প্রশ্নের উদ্দীপকে আন্দোলনে দুই বোনের ভূমিকা তুলে ধরে শিক্ষার্থীদের কাজী নজরুল ইসলামের ‘যৌবনের গান’ কবিতার আলোকে তা বিশ্লেষণ করতে বলা হয়।

সোমবার (৬ জুলাই) মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নে দুই বোনের ভূমিকা নিয়ে তৈরি উদ্দীপকের ভিত্তিতে শিক্ষার্থীদের চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে।

প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের একদফা ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও তৎকালীন সরকারের লাঠিপেটা এবং নির্যাতনের মুখেও আন্দোলনকারীরা পিছপা হননি। সেখানে সালমা ও আসমা নামে দুই বোনকে আন্দোলনের অগ্রভাগে দেখানো হয়েছে। 

উদ্দীপকে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে সালমা আন্দোলনে শরিক থাকলেও আসমা কয়েকজন সহপাঠীকে নিয়ে আহতদের চিকিৎসা করানো ও সেবায় আত্মনিয়োগ করেন। তাদের দৃঢ় আন্দোলনের মুখে একপর্যায়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। 

এই উদ্দীপকের ভিত্তিতে পরীক্ষার্থীদের চারটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়। সেগুলো হলো—‘বায়স কিসে কাকে তাড়া করে?’; ‘যৌবনের পূজারি’ বলতে কবি কী বুঝিয়েছেন? ব্যাখ্যা করো; আসমার আচরণ ‘যৌবনের গান’ রচনার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো এবং ‘সালমাদের মতো মেয়েরা কাজী নজরুল ইসলামের আকাঙ্ক্ষারই প্রতিফলন।’—মন্তব্যটি বিশ্লেষণ করো।

প্রসঙ্গত, দেশজুড়ে তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হলো ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ সোমবার (৬ জুলাই) ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছেন লাখো শিক্ষার্থী।