১৭ জুন ২০২৬, ১৬:৫৫

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা দিল বোর্ড

পরীক্ষার হল  © সংগৃহীত

আসন্ন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নির্দেশনায় কেবল পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে।

বুধবার (১৭ জুন) বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়। 

এতে বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষা কেন্দ্রগুলোর আশপাশের যানজট ও জনদূর্ভোগ লাঘবের লক্ষ্যে কেবলপরীক্ষার্থীদেরকে কেন্দ্রের অভ্যন্তরে সকাল সাড়ে ৮টা থেকে প্রবেশের ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ করা হলো। 

এর আগে, গত ১৪ জুন পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময়ের পর কোনো পরীক্ষার্থী আসলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতায় রোল নং ও অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবেন। পরীক্ষা শেষে বোর্ডে রেজিস্টার খাতাটি জমা দিতে হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। পরীক্ষাকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে শিক্ষা বোর্ড।