১৪ জুন ২০২৬, ১৫:০৭

এইচএসসি কেন্দ্রে সিসিটিভি বসানো নিয়ে আগের সিদ্ধান্তই বহাল, জরুরি নির্দেশনা দিল বোর্ড

পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো  © টিডিসি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষাকে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভি ব্যবস্থাপনা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সিসিটিভি স্থাপনের বিষয়ে আগের সিদ্ধান্ত বহাল রেখে কেন্দ্রগুলোর সিসিটিভি ক্যামেরার তথ্য আগামী ২১ জুনের মধ্যে বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

রবিবার (১৪ জুন) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভির ডিভিআর (DVR) বা এনভিআর (NVR)-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে। এ জন্য কেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড এবং ডিভাইসের সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য আগামী ২১ জুনের মধ্যে dhakaboardcontroller@gmail.com ঠিকানায় পাঠাতে হবে।

এছাড়া ই-মেইল পাঠানোর সময় সাবজেক্ট লাইনে প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে ‘CCTV EIIN Number’ উল্লেখ করতে বলা হয়েছে। বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে বোর্ড।

এর আগে গত ১ জুন পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং ট্রেজারির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর বোর্ডে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে পরদিন ২ জুন ওই বিজ্ঞপ্তি স্থগিত করা হয়।

সর্বশেষ নির্দেশনার মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি কার্যক্রম নিশ্চিত করার বিষয়ে বোর্ডের আগের সিদ্ধান্ত বহাল থাকল।