০৪ জুন ২০২৬, ১১:২৬

দাখিল নবম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড  © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত এবং ২০২৭ সালের দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বিশেষ বিবেচনায় বাদ পড়া শিক্ষার্থীদের মাদ্রাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন, সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ এবং ই-এসআইএফ (e-SIF) পূরণের এ সুযোগ দেওয়া হয়েছে।

বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার (৪ জুন) থেকে ২৮ জুন পর্যন্ত বিলম্ব ফিসহ অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। তবে ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। 

এছাড়া চূড়ান্ত তথ্য (e-SIF) এন্ট্রির সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩০ জুন পর্যন্ত। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্ধিত এ সময়ে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। পূর্বে এন্ট্রিকৃত কোনো শিক্ষার্থীর তথ্য এডিট বা ডিলিট করার কোনো সুযোগ থাকবে না।

আরও পড়ুন: মাদ্রাসার সংশোধিত বদলি নীতিমালা প্রকাশ, দেখুন এখানে

মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, রেজিস্ট্রেশন ফি প্রদান ও তথ্য এন্ট্রি সংক্রান্ত কোনো সমস্যা হলে সমাধানের জন্য অফিস চলাকালীন প্রতিষ্ঠানের নিজস্ব ইআইআইএন-ভিত্তিক সিম নম্বর দিয়ে ০১৭১৩-০৬৮৯০৯ অথবা ০১৫১৬-১১৯৩৬০ নম্বরে যোগাযোগ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে বোর্ডের অধিভুক্ত সব মাদ্রাসা প্রধানকে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।