বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিষয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
বৃত্তিপ্রাপ্ত (মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি) শিক্ষার্থীদের থেকে মাসিক বেতন বা টিউশন ফি আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রবিবার (১৭ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী সব মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে। সরকারি অনুদান প্রাপ্ত ও শিক্ষাবোর্ডের অধিভুক্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত ছাত্র বা ছাত্রীর থেকে মাসিক বেতন (টিউশন ফি) আদায় করতে পারবেন না। বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের থেকে মাসিক বেতন (টিউশন ফি) আদায় করলে ঐ শিক্ষাপ্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি ভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এতে আরও বলা হয়েছে, সব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে। সরকারি অনুমোদিত কোন শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে মাসিক বেতন দাবি করবে না। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে মাসিক বেতন দাবি করলে ঐ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।