এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে অব্যাহতি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র বিতরণে গাফিলতির ঘটনায় কেন্দ্রসচিবসহ ১১ কক্ষ প্রত্যবেক্ষককে পরীক্ষা সংক্রান্ত সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।
বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কেন্দ্র কাঁচপুর-১, কেন্দ্র কোড-৪৯৮, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়, সোনারগাঁও, নারায়ণগঞ্জ কেন্দ্রে গত ২১ এপ্রিল অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার কক্ষ প্রত্যবেক্ষক হিসেবে নিয়োজিত থাকা ১১ শিক্ষককে দায়িত্বে অবহেলার কারণে পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এমতাবস্থায়, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
অব্যাহতি পাওয়া কক্ষ প্রত্যবেক্ষকরা হলেন- কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের শিউলী আক্তার, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ফারজানা হোসেন স্বপ্না, পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ের মনোয়ারা বেগম, সোনারগাঁও আইডিয়াল স্কুলের সুমাইয়া আজাদ, ছায়েদা খাতুন ইসলামিক দাখিল মাদরাসার মোশারফ হোসেন, আলী আকবর হাই স্কুল এন্ড কলেজের বদরুন নাহার ইভা, সাদিপুর উচ্চ বিদ্যালয়ের মনিরুজ্জামান, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের রওনক আরা বেগম, মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের ছানোয়ার বেগম, জামপুর মাঝের চর উচ্চ বিদ্যালয়ের আব্দুল হামিদ, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের আনিসুর রহমান।
এর আগে পৃথক বিজ্ঞপ্তিতে কেন্দ্রের কেন্দ্রসচিব আব্দুল মতিন সরকারকে দায়িত্ব থেকে অব্যাহতি ও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। পাশাপাশি পরিবর্তে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে এ কেন্দ্রের সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
প্রসঙ্গত, কেন্দ্রটির ৪টি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীর মাঝে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্রে ১ ঘণ্টা ২৫ মিনিট পরীক্ষা নেওয়া হয়।