শনিবার সব প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা-রচনা প্রতিযোগিতাসহ ৪ অনুষ্ঠানের নির্দেশ
আগামী শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারটি কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে— জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত নির্দেশনাতে এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার কর্তৃক গৃহীত কর্মসূচির সঙ্গে সমন্বয় করে প্রাথমিক শিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এসব কর্মসূচি পালন করতে হবে।
কর্মসূচির অংশ হিসেবে সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসের তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিশেষ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে।
এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব কর্মসূচি যথাযথভাবে পালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।