ভেরিফিকেশনে বাদ: সন্ধ্যার মধ্যে নিয়োগপত্র না পেলে কঠোর কর্মসূচি
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে নিয়োগপত্র না পেলে কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীরা। সকালে ১১ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে সাক্ষাতের জন্য গেলে প্রহসনমূলক আচরণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন তারা। বিকেলে রাজধানীর শাহবাগে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন তারা।
প্রেস ব্রিফিংয়ে ভোলা জেলা থেকে সুপারিশপ্রাপ্ত মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। সেখান থেকে আমরা মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান করি। জাতীয় জাদুঘরের সামনে আমাদের আজকের কর্মসূচি ছিল। দুপুরে সচিবালয়ে আমাদের প্রেরণ করা হয়, আমরা সেখানে ১১ সদস্যের দল গিয়েছিলাম। সেখান থেকে ৫ জনের দল সচিবালয়ের ভেতরে অবস্থান করি, কিন্তু আমাদের সাথে প্রহসনমূলক আচরণ করা হয়। আমাদেরকে ডেকে নিয়ে আমাদের সাথে মন্ত্রী, সচিব, উপসচিব কেউই আমাদের সাথে দেখা করেনি।’
তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি আমরা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং যতক্ষণ না পর্যন্ত ৬৪ জেলায় প্রত্যেক নিয়োগবঞ্চিতদেরকে নিয়োগপত্র দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে।’
সাখাওয়াত হোসেন বলেন, ‘সুখের সংবাদ হচ্ছে, আমাদের কিছু কিছু জেলায় নিয়োগপত্র দিচ্ছে এবং আশা করি সন্ধ্যার মধ্যেই সকল জেলায় নিয়োগপত্র দিয়ে দেবে। যদি আজকে সন্ধ্যার মধ্যে ৬৪ জেলার সবাই নিয়োগপত্র না পাই, আগামীকাল আরও কঠোর কর্মসূচিতে যাব আমরা ‘
তিনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের নিয়োগ সংশ্লিষ্ট মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং অন্যান্য অধিদপ্তর প্রধান যারা রয়েছেন, তাদের কাছে আমাদের অনুরোধ আমাদের এই বঞ্চনা থেকে মুক্তি দিন। আমাদের এই বিভীষিকাময় দিন বেশি দীর্ঘায়িত করবেন না, এটা আমাদের আশা। আজকে সন্ধ্যার মধ্যে আমাদের নিয়োগ দিন, আমরা যাতে আনন্দে বাড়ি ফিরে যেতে পারি, সেই সুযোগ করে দিন। আগামী সুস্থ-সুন্দর বাংলাদেশ গড়ার জন্য এই প্রত্যয় সামনে রেখে আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন পালনের অধিকার বুঝিয়ে দিন।’