১৬ জুন ২০২৬, ২১:৩৯

অতিরিক্ত ২৩৭ শূন্যপদে চাহিদা দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা

মাউশি  © টিডিসি সম্পাদিত

শিক্ষক শূন্যপদের ভুল চাহিদা দেওয়া প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। এসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে কেন এমপিও স্থগিত বা বাতিল করা হবে না এবং গভর্নিং বডির সভাপতির পদ শূন্য ঘোষণাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে এই মতামত পাঠাতে হবে তাদের।

মঙ্গলবার (১৬ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ শোকজ নোটিশ পাঠায়।

নোটিশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে প্রাপ্ত তথ্য যাচাইয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন পরিচালক (সব), আঞ্চলিক কার্যালয়ে চিঠি পাঠানো হয়। এই চিঠির প্রেক্ষিতে আঞ্চলিক পরিচালকরা কলেজ পর্যায়ের সব শূন্যপদের সঠিকতা যাচাইপূর্বক উল্লিখিত তথ্য পাঠান। প্রাপ্ত প্রতিবেদনে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক উল্লিখিত কারণে ২৩৭টি পদ ভুল চাহিদা দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ভুল চাহিদার কারণে একদিকে যেমন প্রশাসনিক বিভ্রান্তির সৃষ্টি হয়, অপরদিকে ভুল পদে কোনো ব্যক্তি সুপারিশ বা নিয়োগ পাওয়ার ফলে এমপিওভুক্তির ক্ষেত্রে দুর্ভোগের শিকার হন। বিধায় উপর্যুক্ত ভুল চাহিদা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যথাসময়ে তথ্য সরবরাহ না করায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ এর ১৮.১ (ঘ) মোতাবেক কেনো সংশ্লিষ্ট অধ্যক্ষের বিরুদ্ধে এমপিও স্থগিত বা বাতিল করা হবে না তার জবাব এবং গভর্নিং বডির সভাপতির পদশূন্য ঘোষণাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তার মতামত ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।