টানা ৩ দিন দাম বাড়ার পর দেশের বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে টানা তিন দিন বাড়ল সোনার দাম। এক দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ২২ ক্যারেট সোনার ভরি আবারও ২ লাখ টাকা ছাড়িয়েছে। নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। অন্যান্য মানের সোনার দামও বাড়ানো হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে সারা দেশে নতুন দামে সোনা বিক্রি হচ্ছে।
এর আগে শুক্রবার ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল। এতে প্রতি ভরির দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। তার আগের দিন বৃহস্পতিবারও একই পরিমাণ দাম বাড়ানো হয়। তখন ২২ ক্যারেট সোনার ভরি হয়েছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। সব মিলিয়ে তিন দিনে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে বেড়েছে ৪ হাজার ৭২৪ টাকা।
অবশ্য এর আগে বুধবার ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়েছিল বাজুস। তখন প্রতি ভরির দাম নেমে এসেছিল ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকায়।
এর আগে দুই দিনে দুই দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৪ হাজার ৭২৪ টাকা বেড়েছিল। এর মধ্যে সোমবার দাম বাড়ানো হয়েছিল ৩ হাজার ১৪৯ টাকা। মঙ্গলবার বাড়ানো হয় ১ হাজার ৫৭৫ টাকা।
বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও সোনার দাম টানা কমছিল। দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমেছিল ৩৪ হাজার ৭০০ টাকা। এই দরপতনের ধারায় এক বছর পর গত ২২ নভেম্বর ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকার নিচে নেমে আসে।
বাজুসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ৬ অক্টোবর দেশের বাজারে প্রথমবারের মতো ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকা ছাড়ায়। এরপর কয়েক দফায় দাম বেড়ে ২০ অক্টোবর প্রতি ভরির দাম দাঁড়ায় ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। এরপর বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। ২৯ অক্টোবর ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকার নিচে নেমে হয় ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা।
তবে এক দিন না যেতেই, ৩০ অক্টোবর ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়ানো হয়। এতে ২২ ক্যারেট সোনার দাম আবারও ২ লাখ টাকা ছাড়িয়ে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায় ওঠে। এরপর থেকে ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকার ওপরেই ছিল।
চলতি বছরের ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশের বাজারেও সোনার দাম বাড়ে। সেদিন ২২ ক্যারেট সোনার ভরি সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার ১ টাকা পর্যন্ত উঠেছিল। এটিই ছিল দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম। এরপর থেকে দাম বাড়ানো-কমানোর মধ্য দিয়ে দেশের বাজারে সোনার লেনদেন চলছে।