আরও কমল স্বর্ণের দাম
বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আশঙ্কা এবং মূল্যস্ফীতির চাপে মূল্যবান এই ধাতুর দর কমছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের স্পটমূল্য ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৬৫ ডলার ৪১ সেন্টে নেমে এসেছে। খবর রয়টার্সের
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৫ নভেম্বর) স্বর্ণের দাম সাময়িকভাবে প্রতি আউন্স ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে যায়। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম গুরুত্বপূর্ণ এই সীমার নিচে নামল মূল্যবান ধাতুটির দাম।
বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, স্বর্ণের দাম বর্তমানে ৩ হাজার ডলারের মাঝামাঝি পর্যায়ে অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর চক্র শেষের দিকে যাচ্ছে—এমন ইঙ্গিত না পাওয়া পর্যন্ত স্বর্ণের দামে টেকসই ঊর্ধ্বগতি দেখা কঠিন।
যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ চাহিদা শক্তিশালী থাকায় মূল্যস্ফীতির চাপ বাড়ছে। বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, অক্টোবরে মূল্যস্ফীতির একটি গুরুত্বপূর্ণ সূচক ২০২৩ সালের শেষ দিকের পর সবচেয়ে বেশি বার্ষিক বৃদ্ধি পেয়েছে। এতে আগামী মাসে এবং ২০২৭ সালের শুরুর দিকে ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশা জোরালো হয়েছে।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪১ ডলার ৩৮ সেন্ট, প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৪ ডলার ১৯ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ বেড়ে ৮৭৭ ডলারে দাঁড়িয়েছে।
টিডি সিকিউরিটিজের বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে কি না, তা বলার সময় এখনো আসেনি। তবে দীর্ঘ মেয়াদে স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী বছরের শেষভাগে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারের দিকে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তারা।