কয়েক দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম, ভরিতে কত?
টানা কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া বাড়ানো হয়েছে অন্যান্য ক্যারেটের সোনা ও রুপার দামও।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।
অন্যদিকে, নতুন নির্ধারিত দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৩ হাজার ৩৩ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯২৫ টাকা।