২৬ নভেম্বর ২০২৬, ১০:০১

স্বর্ণের দাম দুই লাখের নিচে, আরও কমবে নাকি বাড়বে?

স্বর্ণের গহনা  © সংগৃহীত

এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের বাজারে স্বর্ণের দাম কমছে। ধারাবাহিক দরপতনে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছে। বুধবার (২৫ নভেম্বর) নতুন করে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, স্বর্ণের দাম আরও কমতে পারে। অথচ চলতি বছরের শুরুতে দেশের বাজারে স্বর্ণের ভরি প্রায় তিন লাখ টাকা ছুঁইছুঁই করছিল। জানুয়ারিতে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল স্বর্ণের দাম। বছরের শেষ দিকে এসে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত ধারাবাহিকভাবে কমছে মূল্যবান এ ধাতুর দাম।

তবে শুধু বাংলাদেশের বাজারেই স্বর্ণের এই দরপতন হচ্ছে না। আন্তর্জাতিক বাজারেও কমেছে স্বর্ণের দাম, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। ফলে স্বর্ণের দাম আরও কমার সম্ভাবনা কতটুকু, কমলে ভরিপ্রতি দাম কোথায় গিয়ে দাঁড়াতে পারে কিংবা আবার কবে বাড়তে পারে—এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রেতা ও বিনিয়োগকারীদের মনে।

অর্থনীতিবিদরা বলছেন, স্বর্ণের দাম অনেকগুলো বিষয়ের ওপর নির্ভরশীল। বিনিয়োগের বিভিন্ন উপকরণ যেমন বন্ড, ডলার, তেল ও স্বর্ণ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। একটি উপকরণের বাজারে বিনিয়োগ বাড়লে বা কমলে অন্য উপকরণের দামও প্রভাবিত হয় বলে জানান অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

তবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন হলেই যে সব সময় দেশের বাজারে একই হারে দাম কমবে, বিষয়টি এমন নয় বলেও মনে করেন তিনি। অন্যদিকে, দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমবে নাকি আবার বাড়তে পারে, সে বিষয়ে খাতসংশ্লিষ্টরা বলছেন, আপাতত স্বর্ণের বর্তমান দাম কিছুদিন স্থিতিশীল থাকতে পারে। তবে আরও কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।

চলতি সপ্তাহে স্বর্ণের ভরি আরও কমবে?
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের দাম লাখ টাকার ঘরে পৌঁছায়। মাত্র দুই বছরের ব্যবধানে চলতি বছরের জানুয়ারিতে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়। তখন প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা।

কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যায়। অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে সাধারণত স্বর্ণের দাম বাড়ার যে প্রবণতা দেখা যায়, এবার তার বিপরীত চিত্র দেখা গেছে।

কেননা, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল সরবরাহে প্রভাব পড়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছিল। এর প্রভাব আন্তর্জাতিক বাজারে বিনিয়োগের অন্যান্য উপকরণেও পড়ে। ডলারের দাম বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং স্বর্ণের দরপতনসহ বিভিন্ন ক্ষেত্রে উত্থান-পতন দেখা যায়।

বাংলাদেশে স্বর্ণের দাম নির্ধারণ করে বাজুস। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং আন্তর্জাতিক বাজারের দাম এবং দেশের বুলিয়ন মার্কেটে তেজাবি বা পাকা স্বর্ণের মূল্যসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে দাম সমন্বয় করে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণালংকারের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৮৭৫ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণালংকারের প্রতি গ্রামের দাম ১৬ হাজার ১২০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ১ লাখ ৮৮ হাজার ২৩ টাকা। ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণালংকারের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৮৪৫ টাকা। এতে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা ৮ পয়সা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ২৮৫ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও ক্যারেট ও পদ্ধতিভেদে নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) রৌপ্যালংকারের প্রতি গ্রামের দাম ২৬০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৩২ টাকা।

বাজুসের স্বর্ণের দাম নির্ধারণ কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম জানান, দেশের বুলিয়ন মার্কেট থেকে যে দামে তেজাবি বা পাকা স্বর্ণ কেনা যায়, তার সঙ্গে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়।

তার মতে, দীর্ঘদিন ধরেই বিশ্ববাজারে স্বর্ণের দাম অতিরিক্ত পর্যায়ে ছিল। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘খনি থেকে এই মুহূর্তে গোল্ড যেটা আবিষ্কার হয়ে মার্কেটে আসে সেটার সর্বোচ্চ উৎপাদন খরচ ২২৫০ ডলার। আটশো ডলার, ষোলশো ডলারও আছে। সর্বোচ্চ যদি ধরেন ২ হাজার ২৫০, এটার প্রায় এক হাজার ডলার মুনাফা করতে পারবে ওরা। তো ৩ হাজার ২৫০ বা ৩ হাজার ৩০০ ডলার পার আউন্স, এটা আইডল প্রাইস।’

তিনি আরও বলেন, ‘এখন এই প্রাইসকে ওই ইন্টারন্যাশনালি যারা বড় বড় স্টকহোল্ডার, স্টেকহোল্ডার যাই বলেন না কেন, তারা দাম বাড়াতো বা দাম কমাতো। এই বছরের জানুয়ারিতে পাঁচ হাজার ৫৯৫ ডলার পর্যন্ত তুলে নিয়ে গেছিল। যখন এরা এটা স্টার্ট করে, তখন এটা তিন হাজার ৪৪২-৪৩ ডলার ছিল। তো অলমোস্ট ২০০০ ডলার মুনাফা করে ফেলেছিল।’

এই হিসাব খাঁটি স্বর্ণের ক্ষেত্রে প্রযোজ্য উল্লেখ করে তিনি জানান, খাঁটি স্বর্ণ থেকে অলংকার তৈরি করতে হয়। ফলে কাঁচামালের দাম বাড়লে গহনার দামও বাড়ে। আবার কাঁচামাল সহজলভ্য হলে ভরিপ্রতি দাম কমিয়ে নির্ধারণ করে বাজুস।

এদিকে, দেশের বাজারে পুরোনো স্বর্ণ কেনাবেচার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। পুরোনো গহনা বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ এবং পুরোনো স্বর্ণ দিয়ে নতুন গহনা কেনার ক্ষেত্রে ১২ শতাংশের পরিবর্তে ৯ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বর্ণের দাম আরও কমার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে বাজুসের এই কর্মকর্তা জানান, বুধবার নির্ধারিত দাম আপাতত কিছুদিন স্থিতিশীল থাকতে পারে। তবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে দাম সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

স্বর্ণের ঊর্ধ্বমুখী দামের কারণে সাধারণ ক্রেতারা গহনা কেনা থেকে বিরত ছিলেন। তবে সাম্প্রতিক দরপতনের ফলে ক্রেতারা আবারও বাজারে ফিরবেন বলে মনে করেন তিনি।

দেওয়ান আমিনুল ইসলাম বলেন, ‘ক্রেতা সাধারণের জন্য তো অবশ্যই ভালো হবে এবং ব্যবসায়ীদের জন্যও ভালো হবে। কারণ মানুষ অলঙ্কার কেনার দিকে ঝুঁকবে।’

স্বর্ণের দাম বাড়লে বা কমলে কী প্রভাব পড়ে?
অর্থনীতিবিদরা বলছেন, সাধারণত বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা, যুদ্ধের আশঙ্কা কিংবা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ কিনে মজুত করেন। এতে মূল্যবান এ ধাতুর দাম বেড়ে যায়। যদিও স্বর্ণ কিনে রাখলে কোনো সুদ পাওয়া যায় না।

অন্যদিকে, স্বর্ণের বিপরীতে ডলারের দাম বাড়লে বিনিয়োগকারীদের একটি অংশ ডলারের দিকে ঝুঁকতে পারেন। ডলারের সুদের হার বাড়লেও বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে ডলারে বিনিয়োগে আগ্রহী হন। আবার মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেলে বিনিয়োগের ক্ষেত্রেও পরিবর্তন আসে। ফলে যে খাতে মুনাফার সম্ভাবনা বেশি, বিনিয়োগকারীরা সাধারণত সেদিকেই ঝোঁকেন।

নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘এখন ডলারের দাম ঊর্ধ্বমুখী। এটা নির্দেশ করে, ডলারের মার্কেটে বিনিয়োগ আসছে অর্থাৎ মানুষ ডলারের মার্কেটে টাকা খাটাচ্ছে। সে কারণে ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এটা হয়তো বেশ কিছুকাল চলবে। তারপর এটির ডিমান্ড যখন এমন একটি স্থিতিশীল অবস্থায় আসবে তখন ডলারের দামও আস্তে আস্তে কমতে শুরু করবে। ডলার আর সোনার একটা সাবস্টেটিবিউলিটি আছে, একটা বাড়লে একটা কমে। আবার আরেকটা কমলে অন্যটার দাম বাড়ে।’

এদিকে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমলেই বাংলাদেশের স্থানীয় বাজারেও দাম কমে, বিষয়টি এমন নয় বলে জানান এই অর্থনীতিবিদ। অনেক সময় আন্তর্জাতিক বাজারে দাম কমলেও বাংলাদেশের বাজারে দাম বেশি বা অপরিবর্তিত থাকতে দেখা যায়।

তবে আন্তর্জাতিক বাজারের দরপতনের প্রভাব স্থানীয় বাজারে পুরোপুরি না পড়লেও অনেকাংশে পড়ে বলে উল্লেখ করেন ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

তিনি বলেন, ‘কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের লোকাল মার্কেট গ্লোবাল মার্কেটের এই ফ্যাক্টরগুলো ছাড়াও তার নিজস্ব অনেক ইনএফিসিয়েন্সি, নন-ট্রান্সপারেন্সি এবং লোকালি বিষয়ের ওপর নির্ভর করে। গোল্ডের একটা ইনফরমাল চ্যানেলের হাব হিসেবে বাংলাদেশ ব্যবহার হয়। সো, এখানে আরও অন্য অনেক ফ্যাক্টর, সেগুলোও আসলে আমাদের লোকাল প্রাইসকে প্রভাবিত করে।’