২২ নভেম্বর ২০২৬, ১৫:০৭

বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপি-স্থানীয় সরকার প্রতিনিধিরা

বাংলাদেশ ব্যাংক  © টিডিসি সম্পাদিত

ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, পরিচালনা পর্ষদে পারিবারিক প্রভাব কমানো, খেলাপি ঋণ আদায় জোরদার এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ‌‘ব্যাংক-কোম্পানি আইন, সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এরইমধ্যে এ-সংক্রান্ত সংশোধনীর খসড়া চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। 

খসড়া অনুযায়ী, মন্ত্রী, মন্ত্রীর সমমর্যাদার ব্যক্তি, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না। একইভাবে রাজনৈতিক পদধারীরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও নিয়োগের অযোগ্য হবেন। এছাড়া  ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্য থাকার সর্বোচ্চ সংখ্যা তিনজন থেকে কমে দুজন হবে। পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমে ছয় বছর হবে। 

খসড়ায় পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো, মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের পরিচালক হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ এবং ব্যাংকের শেয়ার ধারণে কৌশলগত বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। 

জানা গেছে, খসড়ায় ব্যাংকের মালিকানায় কৌশলগত বিনিয়োগকারী আকৃষ্ট করতে শেয়ার ধারণের সীমা শিথিল করার প্রস্তাব রয়েছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা সরাসরি বা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। নতুন প্রস্তাবে ব্যাংক খাতের স্বার্থ বিবেচনায় কৌশলগত বিনিয়োগকারীর ক্ষেত্রে এই সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে।

এ ধরনের বিনিয়োগকারীর যোগ্যতা, উপযুক্ততা ও শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশের সীমা বহাল থাকলেও বিশেষ বিনিয়োগকারীদের ক্ষেত্রে ব্যতিক্রমী সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে বিএবি চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, বিদেশিদের জন্য বেশি সুবিধা আর দেশিদের জন্য কম—এমন বৈষম্য যাতে তৈরি করা না হয়, আমরা এমন দাবি জানিয়েছিলাম।