বিশ্ববাজারে সোনার দামে ধস, ৮ দফা কমল দেশেও, বিনিয়োগে সতর্ক করছেন বিশ্লেষকেরা
গত কয়েক বছরে সোনার দাম রেকর্ডের পর রেকর্ড গড়েছে। চলতি বছরের ২৮ জানুয়ারি প্রতি আউন্স সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ ৫ হাজার ৫৮৯ ডলার ৩৮ সেন্টে পৌঁছেছিল। তবে সেই উত্থানের পর এখন বড় দরপতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৭০০ ডলারের নিচে নেমে আসে। গত সেপ্টেম্বরের পর এই প্রথম দাম এতটা কমল। সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে সোনার দাম প্রায় এক-তৃতীয়াংশ কম।
বিশ্ববাজারে সোনার দাম কমার প্রভাব পড়েছে দেশের বাজারেও। চলতি মাসে শুক্রবার পর্যন্ত আট দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুক্রবার এক দিনেই কমেছে প্রায় ১১ হাজার টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, যা গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন।
সোনার দাম কমায় একদিকে ক্রেতাদের মধ্যে অলংকার কেনার আগ্রহ তৈরি হচ্ছে, অন্যদিকে বেশি দামে সোনা কিনেছেন এমন অনেক বিনিয়োগকারী ও ক্রেতা লোকসানের মুখে পড়েছেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধি—এসব কারণে সোনার ওপর চাপ তৈরি হয়েছে। তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগের ঝুঁকি কমাতে সোনার গুরুত্ব এখনো রয়েছে বলে মনে করছেন অনেকে।
দেশে আট দফায় কমল সোনার দাম
দেশের বাজারে চলতি মাসে শুক্রবার পর্যন্ত ১১ বার সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে আটবার দাম কমেছে এবং তিনবার বেড়েছে। শুক্রবার প্রতি ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমানো হয়েছে। একই সময়ে প্রতি ভরি রুপার দাম কমেছে ৩৫০ টাকা।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।
বিশ্ববাজারে দাম কমার কারণ কী?
বিশ্ববাজারে সোনার দাম কমার পেছনে একাধিক কারণ কাজ করছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধি, ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদ পাওয়া যায় না—এমন সম্পদ হিসেবে সোনা ধরে রাখার বাড়তি সুযোগ ব্যয়।
বিশ্লেষকদের মতে, আগামী ডিসেম্বর মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের অবস্থান শক্তিশালী হচ্ছে। এতে বিনিয়োগকারীদের কাছে সোনার আকর্ষণ কমছে।
ডেনমার্কের বিনিয়োগ প্রতিষ্ঠান সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে এস হ্যানসেন রয়টার্সকে বলেন, ডলারের চাঙাভাব, প্রকৃত সুদের হার বৃদ্ধি এবং ফেডের মুদ্রানীতি আরও কঠোর হওয়ার প্রত্যাশা সোনা ও রুপায় বিনিয়োগের আকর্ষণ কমিয়ে দিচ্ছে। ফলে এসব ধাতুর দাম কমছে।
লন্ডনভিত্তিক বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের পণ্যবাজারবিষয়ক গবেষণা বিভাগের প্রধান সুকি কুপার বলেন, সোনা কখনো পণ্যের মতো, আবার কখনো মুদ্রার মতো আচরণ করে। বাজারের পরিস্থিতি ও বিনিয়োগকারীদের মনোভাবের ওপর নির্ভর করে সোনার এই ভূমিকা পরিবর্তিত হয়। বর্তমানে মুদ্রার মতো আচরণ করার প্রবণতাই সোনার দাম কমার পেছনে ভূমিকা রাখছে।
কুপারের মতে, ২০২২ সাল থেকে সোনার প্রকৃত চাহিদা বাড়তে শুরু করে। এতে বাজারে সোনার দামের একটি শক্ত ভিত্তি তৈরি হয়। এরপর বিনিয়োগকারীরা নিজেদের বিনিয়োগের তালিকায় সোনার অবস্থান নতুন করে বিবেচনা করতে শুরু করেন। সুদ পাওয়া যায় না—এমন সম্পদ ধরে রাখার খরচ কমে যাওয়ায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে সোনার প্রতি তাঁদের আগ্রহ বাড়ে।
২০২৫ সালের শুরুর দিক পর্যন্ত দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীরা বিশেষ করে সোনাভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের (ইটিএফ) মাধ্যমে সোনায় বিনিয়োগ কমাচ্ছিলেন। এতে বাজারে সোনার সরবরাহ বেড়েছিল। তবে গত বছর পরিস্থিতি বদলে যায়। এসপিডিআর গোল্ড শেয়ারসহ বিভিন্ন ইটিএফে সোনার মজুত প্রায় ৮০০ টন বেড়ে যায়। ফলে বাজারে থাকা অতিরিক্ত সোনা বিনিয়োগকারীরা কিনে নেন।
কুপার বলেন, ওই সময়ে সোনা কেনার আগ্রহ ছিল অনেক বেশি। অনেকেই কিনতে চেয়েছেন, কিন্তু বিক্রি করতে আগ্রহী ছিলেন কম। বাজারে বিক্রির চাপ কম থাকায় সোনার দাম বাড়তে থাকে।
২০২৫ সালের শেষ নাগাদ ইটিএফে সোনার নিট মজুত ৪ হাজার টন ছাড়িয়ে যায়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ওই বছর বিশ্বজুড়ে সোনাভিত্তিক ইটিএফে রেকর্ড ৮৯ বিলিয়ন ডলার বিনিয়োগ আসে। এর বড় অংশ আসে উত্তর আমেরিকা থেকে। একই সময়ে এসব তহবিলের মোট সম্পদের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে ৫৫৯ বিলিয়ন ডলারে পৌঁছায়।
ডলারের শক্তিশালী অবস্থান ও সুদের হার বৃদ্ধি
কুপার জানান, দুর্বল ডলার, বন্ডের সুদের হার কমে যাওয়া এবং বৈশ্বিক ঋণ নিয়ে উদ্বেগ—এই তিনটি বিষয় ২০২৬ সালে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর ভিত্তি তৈরি করেছিল। যেসব বিনিয়োগকারীর বিনিয়োগের তালিকায় সোনার পরিমাণ কম ছিল, তাঁরাও নতুন করে সোনা কিনতে শুরু করেন।
যুক্তরাষ্ট্রের উইনস্টন-সালেমভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান স্কলার ফাইন্যানশিয়াল অ্যাডভাইজিংয়ের পরামর্শক ইভান মিলস বলেন, সুদের হার কম থাকা, ভবিষ্যতে আরও সুদ কমানোর প্রত্যাশা এবং ডলারের দুর্বল অবস্থান—সবকিছুই তখন সোনার পক্ষে কাজ করেছিল।
মিলসের ভাষায়, সোনা ও অন্যান্য পণ্যে বিনিয়োগকারীদের জন্য সেটি ছিল খুবই অনুকূল সময়। বিশেষ করে সুদের হার কম থাকায় বিনিয়োগকারীরা ভালো মুনাফা পেয়েছেন। সে সময় নগদ অর্থ ধরে রাখলে তেমন লাভ হতো না। তাই অনেকে নিজেদের অর্থের ক্রয়ক্ষমতা ধরে রাখতে বিকল্প সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকেছিলেন।
তবে জানুয়ারির পর পরিস্থিতি বদলাতে শুরু করে। সোনার দাম দ্রুত বেড়ে যাওয়ায় অনেক বিনিয়োগকারী উদ্বিগ্ন হয়ে পড়েন। একই সময়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন আলোচনাও শুরু হয়। এরপর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়লে সোনার বাজারে নতুন পরিবর্তন আসে।
কুপার বলেন, তখন সোনা আর বিনিয়োগকারীদের কাছে নিরাপদ সম্পদ হিসেবে কাজ করেনি। বরং নগদ অর্থের জোগান নিশ্চিত করার মাধ্যম হয়ে ওঠে। সোনা সহজে বিক্রি করা যায় এবং বাজারে এর ক্রেতাও থাকে। তাই নগদ অর্থের প্রয়োজন হলে বিনিয়োগকারীরা সোনা বিক্রি করতে শুরু করেন। এর ফলে প্রথম দফায় সোনার দামে বড় ধরনের সংশোধন ঘটে। এরপর থেকে বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সিদ্ধান্তের প্রভাব হিসাব করতে শুরু করেন।
মিলস বলেন, ২০২৬ সালে ফেডারেল রিজার্ভের অবস্থান সুদের হার বাড়ানোর দিকেই বেশি ঝুঁকেছে। চলতি সপ্তাহে ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ৫০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন।
মিলসের মতে, বর্তমানে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদের হার বাড়ছে এবং ডলারও শক্তিশালী হচ্ছে। ফলে কোনো আয় দেয় না, এমন সম্পদ হিসেবে সোনা ধরে রাখার সুযোগ ব্যয় অনেক বেড়ে গেছে।
তিনি আরও বলেন, বর্তমানে সোনায় বিনিয়োগকারীরা নগদ অর্থ ধরে রাখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। কারণ এখন মানি মার্কেট ফান্ডে বিনিয়োগ করলে ৪ থেকে ৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যেতে পারে। এতে নগদ অর্থের ক্রয়ক্ষমতাও ধরে রাখা সম্ভব হচ্ছে। অন্যদিকে, সোনার মতো সম্পদে বিনিয়োগ করলে তা বিক্রি করে নগদ অর্থ পেতে অন্য ক্রেতার ওপর নির্ভর করতে হয়।
মিলসের মতে, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে সোনার সরবরাহের সংকট কমেনি। বরং সোনার বিকল্প বিনিয়োগগুলো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। শেয়ারবাজার, বন্ড এবং প্রচলিত বিনিয়োগের অন্যান্য মাধ্যমে ভালো সুযোগ তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা সোনার বিকল্প খুঁজতে শুরু করেছেন। তাঁদের অনেকে হিসাব করে দেখেছেন, সোনা ধরে রাখার জন্য যে সুযোগ ব্যয় হচ্ছে, তা আর লাভজনক নয়।
২০২৬ সালে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। রুপার দামও সর্বোচ্চ অবস্থান থেকে উল্লেখযোগ্যভাবে কমেছে।
সোনায় বিনিয়োগের ক্ষেত্রে কেন সতর্ক থাকতে বলছেন বিশ্লেষকেরা
অস্বাভাবিক দরবৃদ্ধির পর সোনার দাম কমতে শুরু করায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে মিলস মনে করেন, আতঙ্কিত হওয়ার আগে বিনিয়োগকারীদের বুঝতে হবে, সোনার দাম বাড়ার প্রত্যাশা তখন কতটা বেশি ছিল।
তিনি বলেন, যখন বিনিয়োগকারীরা এক বছরে ২০ থেকে ৩০ শতাংশ মুনাফার প্রত্যাশা করেন, তখন মুনাফা কমে গেলে তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়াটাই স্বাভাবিক। তবে সোনায় বিনিয়োগের ক্ষেত্রে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা প্রয়োজন।
মিলসের মতে, স্বল্পমেয়াদে সোনার বাজার নিয়ে সতর্ক থাকা উচিত। কারণ প্রকৃত সুদের হার বাড়ছে এবং ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার বাড়ালে ডলার আরও শক্তিশালী হতে পারে। এতে সোনার দাম আরও চাপে পড়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, বিনিয়োগকারীদের আগে বুঝতে হবে, তাঁরা কেন সোনা কিনছেন। কেউ যদি স্বল্পমেয়াদে মুনাফার উদ্দেশ্যে সোনা কিনতে চান, তাহলে সেটি তাঁর বিনিয়োগের জন্য উপযুক্ত নাও হতে পারে। তবে বিনিয়োগের ঝুঁকি কমাতে বা অন্যান্য সম্পদের বিপরীতে সুরক্ষা হিসেবে সোনা রাখা যেতে পারে। যদিও কত দামে সোনা কেনা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।
মিলসের ভাষায়, কেউ যদি নিজের বিনিয়োগের বড় অংশের প্রবৃদ্ধির জন্য সোনার ওপর নির্ভর করেন, তাহলে হতাশ হতে পারেন। সোনা মূলত আর্থিক সুরক্ষার মতো, মুনাফা বাড়ানোর প্রধান মাধ্যম নয়। দাম অনেক বেড়ে যাওয়ার পর সোনা কেনাই বিনিয়োগকারীদের বড় ভুল হতে পারে।
জানুয়ারিতে সর্বোচ্চ দামে সোনা কিনেছেন, এমন বিনিয়োগকারীদের বিষয়েও মন্তব্য করেন মিলস। তাঁর মতে, কেউ যদি দীর্ঘমেয়াদি বিনিয়োগের ঝুঁকি কমানোর জন্য নিজের পোর্টফোলিওর একটি ছোট অংশে সোনা রাখেন, তাহলে সাম্প্রতিক দরপতনে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। কারণ সোনা রাখার মূল উদ্দেশ্যই হলো বাজারের অনিশ্চয়তার সময় আর্থিক সুরক্ষা নিশ্চিত করা।
মিলস আরও বলেন, ডলারের দাম কমলে কিংবা বাজার ও ভূরাজনৈতিক পরিস্থিতিতে অনিশ্চয়তা তৈরি হলে সাধারণত সোনার দাম বাড়ে। আবার এসব চাপ কমে গেলে বিনিয়োগের অন্যান্য মাধ্যম ভালো করতে শুরু করে। এটাই বিনিয়োগের বৈচিত্র্য রাখার মূল উদ্দেশ্য। পোর্টফোলিওর অন্যান্য অংশ খারাপ করলে সোনা ভালো করতে পারে, আবার সোনার দাম কমলে অন্য বিনিয়োগগুলো ভালো করতে পারে।
দীর্ঘমেয়াদে সোনার সম্ভাবনা দেখছেন অনেক বিশ্লেষক
দামের বড় পতন হলেও অনেক পণ্যবাজার বিশ্লেষক মনে করছেন, দীর্ঘমেয়াদে সোনা এখনো বিনিয়োগের ভালো মাধ্যম হতে পারে। মরগান স্ট্যানলির ধাতু ও খনিশিল্পবিষয়ক কৌশল বিভাগের প্রধান অ্যামি গাওয়ার সিএনবিসির ‘স্কোয়াক বক্স ইউরোপ’ অনুষ্ঠানে বলেন, চলতি বছরের দরপতনের পরও বিনিয়োগকারীদের সোনা ধরে রাখার অনেক কারণ রয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক মিন্ট পরিচালক এবং বর্তমানে টেক্সাসের অস্টিনভিত্তিক সরকারি স্বর্ণ, রুপা ও প্লাটিনামের মুদ্রা বিতরণকারী প্রতিষ্ঠান ইউএস মানি রিজার্ভের প্রেসিডেন্ট ফিলিপ ডিয়েলও দীর্ঘমেয়াদে সোনার বাজার নিয়ে আশাবাদী।
তাঁর মতে, সোনার দাম বাড়ার পেছনে যেসব মৌলিক কারণ কাজ করেছিল, সেগুলো এখনো রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতিতে আকস্মিক পরিবর্তন, ভূরাজনৈতিক জোটের পরিবর্তন এবং ইরান যুদ্ধের কারণে সোনার বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।
ডিয়েল বলেন, পারস্য উপসাগরে একটি ভুল সিদ্ধান্তের কারণে শুরু হওয়া যুদ্ধ যেন পাঁচ মাত্রার ঘূর্ণিঝড়ের মতো সোনার বাজারে আঘাত করেছে। তবে দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ভোটাররা যুদ্ধ বন্ধের পক্ষে যে অবস্থান জানিয়েছেন, তার পর পরিস্থিতি বদলাতে পারে বলে তিনি আশা করছেন।
তিনি আরও বলেন, ২০২৭ সালে সোনার দাম আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরবে বলে তিনি আত্মবিশ্বাসী। তেলের দাম স্বাভাবিক হলে এবং জ্বালানি খরচ কমলে সুদের হারও স্থিতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে। এতে সোনার বাজার ঘুরে দাঁড়াতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকগুলো এখনো সোনা কিনছে
সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে সোনা বিক্রির প্রবণতা দেখা গেলেও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক এখনো সোনা কিনছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলো সবচেয়ে বেশি পরিমাণ সোনা কিনেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের সামগ্রিক ক্রয়ের পরিমাণ ৭ শতাংশ কম।
ব্যানকবার্ন ক্যাপিটাল মার্কেটসের ব্যবস্থাপনা অংশীদার ও প্রধান বাজার কৌশলবিদ মার্ক চ্যান্ডলার বলেন, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
তবে শুধু চীন কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর দিকে নজর না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। চ্যান্ডলার বলেন, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ন্যাটোর সদস্য পোল্যান্ডও চলতি বছরের বেশির ভাগ সময় বড় ক্রেতাদের তালিকায় রয়েছে।
চ্যান্ডলারের মতে, সাধারণ বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুদের হার বেড়ে যাওয়ায় সোনা ও বিটকয়েনের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমেছে।
তিনি ধারণা করছেন, সোনার দাম প্রতি আউন্স ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ ডলারের মধ্যে নেমে আসতে পারে। বৃহস্পতিবার সকালে দাম ৩ হাজার ৭০০ ডলারের নিচে নেমে নতুন সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছিল।
চ্যান্ডলার বলেন, বাজারের চার্টে এখনো এমন কোনো ইঙ্গিত নেই, যা থেকে বলা যায় সোনার দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। যাঁরা কম দামে সোনা কিনে মুনাফা করার আশায় অপেক্ষা করছেন, তাঁদের ধৈর্য ধরতে হবে। দাম আবার বাড়ার প্রবণতা তৈরি হচ্ছে কি না, সেটি আগে দেখতে হবে। তাঁর মতে, সোনার দামের বর্তমান পতন এখন পর্যন্ত তুলনামূলক নিয়মতান্ত্রিকভাবেই ঘটছে।
তিনি আরও বলেন, গত দুই বছরের বাইরে অন্য সময়ের তুলনায় সোনার দাম এখনো অনেক বেশি। গত ১০ বছরের হিসাবে সোনার গড় চলমান দাম প্রতি আউন্স প্রায় ২ হাজার ১২৭ ডলার। আর গত ২০ বছরের হিসাবে এই গড় প্রায় ১ হাজার ৬৬৬ ডলার।
ব্যবসা ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা জুয়েলারি ব্যবসায়ীদের
দেশের স্বাধীনতাযুদ্ধের সময় সোনার ভরি ছিল ১৭০ টাকা। গত জানুয়ারি পর্যন্ত এই দাম বেড়েছিল ১ হাজার ৬৮২ গুণ। তখন দেশের বাজারে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল—প্রতি ভরি ২ লাখ ৮৬ হাজার টাকা।
বাজুসের তথ্যানুযায়ী, ২০০০ সালে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ৬ হাজার ৯০০ টাকা। পরের পাঁচ বছরে তা বেড়ে দ্বিগুণ হয়। ২০১০ সালে সোনার দাম বেড়ে দাঁড়ায় ৪২ হাজার ১৬৫ টাকা। ২০১৫ সাল পর্যন্ত দাম খুব একটা না বাড়লেও পরের পাঁচ বছরে প্রতি ভরিতে ২৬ হাজার ৮৫২ টাকা বেড়ে যায়।
করোনার পর সোনার দাম দ্রুত বাড়তে থাকে। ২০২৩ সালের ২১ জুলাই প্রতি ভরি সোনার দাম এক লাখ টাকায় ওঠে। গত বছরের অক্টোবরে তা দুই লাখ টাকার মাইলফলক স্পর্শ করে। এরপর চলতি বছরের জানুয়ারিতে দাম তিন লাখ টাকার কাছাকাছি পৌঁছে যায়।
সোনার এই উচ্চ মূল্যের কারণে জুয়েলারি ব্যবসায় মন্দাভাব দেখা দেয়। তবে দাম কমতে থাকায় ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা করছেন জুয়েলারি ব্যবসায়ীরা।
জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম গণমাধ্যমে বলেন, বিশ্ববাজারে অনেক দিন ধরে সোনার দাম অতিমূল্যায়িত ছিল। প্রতি আউন্স সোনা খনি থেকে তুলতে খরচ হয় ২ হাজার ২০০ ডলার। এক হাজার ডলার মুনাফা ধরলে দাম ৩ হাজার ২০০ ডলার হওয়া উচিত। এখন মূলত সোনার দাম সংশোধন হচ্ছে। বিশ্ববাজারে বিনিয়োগকারীদের বিশ্বাস কিছুটা নষ্ট হওয়ায় দাম আবার বাড়তে সময় নেবে।
সামনে বিয়েশাদির মৌসুম। দীর্ঘদিন সোনার দাম বেশি থাকায় অলংকারের বেচাকেনায় প্রভাব পড়েছে। তবে দাম কমে আসায় সোনার অলংকারের বেচাকেনা বাড়বে বলে প্রত্যাশা করছেন দেওয়ান আমিনুল ইসলাম।