এক মাসে ৬ দফায় কমেছে সোনার দাম, আজ ভরিতে কত
দেশের বাজারে টানা ছয় দফায় কমেছে সোনার দাম। নভেম্বরে ছয় দফায় প্রতি ভরিতে মোট ১৪ হাজার ২৮৮ টাকা কমেছে মূল্যবান এই ধাতুর দাম। সর্বশেষ গতকাল বুধবার (১৮ নভেম্বর) একবারে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকায়।
বৈশ্বিক বাজারে সোনার দরপতন এবং দেশের বাজারে তেজাবি সোনার দাম কমায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল সকালে নতুন দাম নির্ধারণের ঘোষণা দেয়।
বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫ হাজার ৬৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৬ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।
সোনার বর্তমান দাম গত ১ নভেম্বরের পর সর্বনিম্ন। তবে নভেম্বরের শুরুতে ২ থেকে ৫ নভেম্বরের মধ্যে সোনার দাম প্রায় ১২ হাজার টাকা বেড়ে ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়েছিল। এরপর থেকেই কয়েক দফায় দাম কমানোর ঘোষণা দেয় বাজুস।
এদিকে, গতকাল বুধবার সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮২ টাকায়। অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৭ টাকা।
সোনার দাম কমানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম কমেছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সোনার দরপতন হয়েছে। বুধবার বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৬৬ ডলার কমেছে।
বৈশ্বিক বাজারের এই দরপতন এবং দেশের বাজারে তেজাবি সোনার মূল্য কমার প্রভাবেই স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।