নভেম্বরের প্রথম সাতদিনে দেশে রেমিট্যান্স এল ৮৭৮ কোটি ডলার
চলতি নভেম্বর মাসের প্রথম সাত দিনে দেশে ৮৭৮ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে এসেছে ৮৭ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ডলার। এ সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম সাত দিনে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৬১১ দশমিক ০১ মিলিয়ন ডলার। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮৭ দশমিক ৩৭ মিলিয়ন ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৭৮ দশমিক ৪৭ মিলিয়ন এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ দশমিক ৭১ মিলিয়ন ডলার।
ব্যাংকভিত্তিক হিসাবে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে এসেছে ৯৫ দশমিক ৭৭ মিলিয়ন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ দশমিক ৯৩ মিলিয়ন ডলার এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে। এ ছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ৭৮ দশমিক ৪৭ মিলিয়ন, ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ৭১ দশমিক ৪৯ মিলিয়ন, সোনালী ব্যাংকের মাধ্যমে ৬৬ দশমিক ৯৪ মিলিয়ন এবং ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ৬০ দশমিক ৩৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে মোট ১১ হাজার ৪৬৫ দশমিক ৯৪ মিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে জুলাইয়ে ২ হাজার ৮৫৮ দশমিক ৭৬ মিলিয়ন, আগস্টে ২ হাজার ৯৬৭ দশমিক ৫৩ মিলিয়ন, সেপ্টেম্বরে ২ হাজার ৭৬৬ দশমিক ২৪ মিলিয়ন এবং অক্টোবরে ২ হাজার ৮৭৩ দশমিক ৬৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট বৈধ চ্যানেলে ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার বা ৩ হাজান ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে আসা সর্বোচ্চ প্রবাসী আয়।