১৯ অক্টোবর ২০২৬, ২১:৩৫

বছর শেষে দারিদ্র্যের হার ৪ শতাংশ বাড়ার শঙ্কা

সংসার চালাতে হিমশিম খাচ্ছে মানুষ  © সংগৃহীত

২০২২ থেকে ২০২৬ চার বছর ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি, দুর্বল শ্রমবাজার এবং অর্থনৈতিক মন্দায় মারাত্মকভাবে কমেছে দেশের মানুষের আয় ও ক্রয়ক্ষমতা। ফলে চলতি বছর শেষে জাতীয় পর্যায়ে দারিদ্র্যের হার বেড়ে ২২ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট (অক্টোবর ২০২৬)’ শীর্ষক প্রতিবেদনে দেশের সামগ্রিক অর্থনীতির এই চিত্র তুলে ধরা হয়েছে। তথ্য অনুযায়ী ২০২২ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ, যা ধাপে ধাপে বেড়ে বর্তমান এ পর্যায়ে এসে দাড়িয়েছে।
​
একই সময়ে আন্তর্জাতিক দারিদ্র্যসীমা অনুযায়ী অতিদারিদ্র্যের হার ৫.৯ শতাংশ থেকে বেড়ে ১০.১ শতাংশে পৌঁছাতে পারে বলেও সতর্ক করেছে বিশ্বব্যাংক। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কমে ৩৪ শতাংশে নেমে এসেছে, যা গত অর্থবছরে ছিল ৩.৫ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৪.২ শতাংশ। বিশেষ করে গত অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি নেমেছিল মাত্র ২.২ শতাংশে, যা করোনা মহামারির পর যেকোনো প্রান্তিকে সর্বনিম্ন। অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে বিনিয়োগ কম হওয়াকে দায়ি করা হয়েছে। গত অর্থবছরে দেশে বেসরকারি বিনিয়োগ ০.৫ শতাংশ এবং সরকারি বিনিয়োগ ০.৭ শতাংশ কমেছে। পাশাপাশি পণ্য ও সেবার প্রকৃত রপ্তানি আয় কমেছে ৪.৮ শতাংশ। 

এই উচ্চ মূল্যস্ফীতির কারণে ​নিত্যপণ্যের লাগামহীন দামে ঋণ করে সংসার চালাতে হচ্ছে ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবারের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক বিশেষ জরিপে এমন তথ্য উঠে এসেছে। যেখানে সিটি করপোরেশন কিংবা শহরের তুলনায় গ্রামের মানুষকেই ঘাটতি মেটাতে সবচেয়ে বেশি ঋণ নিতে হচ্ছে।

জরিপের তথ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ে একটি পরিবারের প্রতি মাসে গড় আয় দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫১৩ টাকা, যার বিপরীতে সংসার চালনার গড় ব্যয় ধরা হয়েছে ৩৫ হাজার ৩১১ টাকা। যেখানে আয় ৩৩ হাজার ৫১৩ টাকা। আয়ের চেয়ে খরচের পাল্লা ভারী হওয়ায় জীবন চালাতে এভাবেই ঋণগ্রস্থ হয়ে পড়ছে মানুষ। বিশেষ করে গ্রামের প্রায় ৫১ দশমিক ৯১ শতাংশ পরিবার জীবনযাত্রার ব্যয় সামলাতে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, যেখানে শহরাঞ্চলে এই হার ৪০ দশমিক ১৯ শতাংশ এবং সিটি করপোরেশন এলাকায় এ সংখ্যা ৩২ দশমিক ১১ শতাংশ।

এর আগে ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, দেশের একটি পরিবারের গড় মাসিক আয় ছিল ৩২ হাজার ৪২২ টাকা এবং খরচ হতো ৩১ হাজার ৫০০ টাকা। 

পরিসংখ্যান অনুযায়ী, জীবনযাত্রার খরচ সবচেয়ে বেশি সিটি করপোরেশন এলাকাগুলোতে, যেখানে পরিবারপ্রতি মাসিক গড় ব্যয় দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭৭৮ টাকায়। অন্যদিকে, শহরাঞ্চলের পরিবারগুলোতে মাসে গড়ে ৩৭ হাজার ৩৪৪ টাকা খরচ হয় এবং গ্রামাঞ্চলে এই ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৫৩২ টাকায়।