বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
অবশেষে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা কড়াকড়ি মুদ্রানীতি নিয়ে করা মন্তব্যের প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্পট স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩১৬ দশমিক ৫৯ ডলারে নেমেছে। গ্রিনিচ মান সময় সকাল ১০টা ২৭ মিনিটে এ দর রেকর্ড করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার দর ০.৫ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫৩ দশমিক ৩০ ডলারে।
বাজার বিশ্লেষকদের মতে, শক্তিশালী মার্কিন ডলার স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করেছে। একই সঙ্গে ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক কড়াকড়ি মুদ্রানীতির পক্ষে অবস্থান সুদের হার তুলনামূলক বেশি থাকার প্রত্যাশা বাড়িয়েছে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কিছুটা কমেছে।
এদিকে বাংলাদেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী স্বর্ণ বিক্রি হচ্ছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হওয়ার পর আর কোনো পরিবর্তন হয়নি।
বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে এ দাম নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩০১ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।