১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯

৯৬ বছর বয়সে পদত্যাগ করলেন ওয়ারেন বাফেট

বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট  © সংগৃহীত

দীর্ঘদিনের পরিকল্পিত নেতৃত্ব এবং পরিবর্তনের অংশ হিসেবে বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। ৯৬ বছর বয়সি বাফেট এখন কোম্পানিটির চেয়ারম্যান এমেরিটাস হিসেবে পরামর্শকের ভূমিকায় থাকবেন। পাশাপাশি কোম্পানির পরিচালনা পর্ষদেও থাকবেন তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শেয়ারহোল্ডারদের উদ্দেশে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, বাফেট কোম্পানির জন্য তার বিচারবোধ ও দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে পরামর্শ দিয়ে যাবেন।

এর আগে গত নয় মাস আগে বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব গ্রেগ অ্যাবেলের কাছে হস্তান্তর করেছিলেন বাফেট। এবার চেয়ারম্যানের দায়িত্বও তার ছেলে হাওয়ার্ড বাফেটের কাছে তুলে দিলেন তিনি। ১৯৯৩ সাল থেকে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন হাওয়ার্ড।

‘ওরাকল অব ওমাহা’ নামে পরিচিত ওয়ারেন বাফেট আধুনিক ইতিহাসের অন্যতম সফল বিনিয়োগকারী হিসেবে পরিচিত। ১৯৬৫ সালে তিনি বার্কশায়ার হ্যাথাওয়ের নিয়ন্ত্রণ নেন। সে সময় প্রতিষ্ঠানটি নিউ ইংল্যান্ডের একটি সংকটে থাকা টেক্সটাইল কারখানা ছিল। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি বর্তমানে ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক ব্যবসায়িক গোষ্ঠীতে পরিণত হয়েছে।

বর্তমানে বার্কশায়ার হ্যাথাওয়ের মালিকানায় রয়েছে জিইআইসিও গাড়ি বিমা, ডেইরি কুইন ও বিএএনএসএফ রেলওয়ের মতো পরিচিত প্রতিষ্ঠান। পাশাপাশি অ্যাপল ও কোকাকোলার মতো কোম্পানিতেও বড় অঙ্কের শেয়ার রয়েছে। কোকাকোলা বাফেটের পছন্দের একটি ব্র্যান্ড; তিনি প্রতিদিন পাঁচ ক্যান পর্যন্ত কোকাকোলা পান করেন বলে পরিচিত।

বাফেট মূলত ‘ভ্যালু ইনভেস্টিং’ কৌশলের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। এ কৌশলে শক্তিশালী মৌলিক ভিত্তির কোম্পানি খুঁজে তুলনামূলক ন্যায্য দামে শেয়ার কেনা এবং দীর্ঘ সময় ধরে তা ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। শেয়ারহোল্ডারদের উদ্দেশে তার বার্ষিক চিঠি এবং উৎসবের মতো জমজমাট বার্ষিক সভাগুলোও তাকে বিশ্বজুড়ে বিনিয়োগ জগতের অন্যতম প্রভাবশালী পরামর্শকে পরিণত করেছে।

চেয়ারম্যান পদ থেকে বাফেটের সরে দাঁড়ানোকে আকস্মিক পরিবর্তনের পরিবর্তে দীর্ঘদিন ধরে পরিকল্পিত নেতৃত্ব হস্তান্তরের শেষ ধাপ হিসেবে দেখা হচ্ছে। চিঠিতে বাফেট বলেন, ‘পরিবর্তনটি সম্পন্ন করার সময় এখনই সঠিক।’ নিজের ৯৬তম জন্মদিন এবং এক নাতি-নাতনির সন্তানের প্রথম জন্মদিন উদ্‌যাপনের কথা উল্লেখ করে তিনি রসিকতা করে বলেন, সেই শিশুটি তার চেয়ে ‘কিছুটা দ্রুত এগিয়ে যাচ্ছে’।

কোম্পানিটি জানিয়েছে, বাফেটের পদত্যাগের পরও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক থাকবে। গ্রেগ অ্যাবেল করপোরেট কৌশল ও মূলধনসংক্রান্ত সিদ্ধান্ত পরিচালনা করবেন। আর চেয়ারম্যান হিসেবে হাওয়ার্ড বাফেটের প্রধান দায়িত্ব হবে প্রতিষ্ঠানের ‘সংস্কৃতি ও মূল্যবোধ’ রক্ষা করা।

সাবেক কৃষক, জনহিতৈষী ও শেরিফ হাওয়ার্ড বাফেট তিন দশকের বেশি সময় ধরে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্ত। চেয়ারম্যান হিসেবে নিজের দীর্ঘ দায়িত্বের কথা উল্লেখ করে বাফেট বলেন, এই পদে দায়িত্ব পালন করা তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। তবে তিনি স্বীকার করেছেন, শেষ পর্যন্ত সময়কে কেউ হারাতে পারে না।