১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি

বাংলাদেশ ব্যাংক লোগো।   © সংগৃহীত ছবি

উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সর্বোচ্চ ২৮ বছর বয়সী উদ্যোক্তারা এই অর্থ পাবেন। রোববার (১৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা হবে ঋণ। আর ঋণের সমপরিমাণ অর্থ অর্থাৎ, সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন উদ্যোক্তারা। এ ছাড়া ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন দেয়া হবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

এ ক্ষেত্রে ঋণ হিসেবে দেয়া অর্থ পরিশোধ না করলে অনুদান হিসেবে দেয়া অর্থের পুরোটা ঋণে রূপান্তরিত হবে। অর্থাৎ, অনুদান নিশ্চিত করতে উদ্যোক্তাকে ঋণের পুরোটা পরিশোধ করতে হবে। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্ট-আপ উদ্যোগসহ অন্যান্য বৈধ ব্যবসায়ীরা এই সুবিধা পাবেন।