০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৩

বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন মেহেরপুরের শাহরিয়ার নাফিজ

ঢাকার একটি পাঁচতারা হোটেলে সম্প্রতি আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে মূল বিজয়ী শাহরিয়ার নাফিজসহ ১০ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিদেশের মাটিতে খেলা স্টেডিয়ামে বসে সরাসরি দেখার সুযোগ পেয়েছেন মেহেরপুরের গাংনীর শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের বিশেষ ফুটবল ক্যাম্পেইন ‘কুইজে রিচার্জে খেলা হবে নগদ-এ’ অংশ নিয়ে তিনি এই মেগা পুরস্কার জিতে নিয়েছেন।

ঢাকার একটি পাঁচতারকা হোটেলে সম্প্রতি আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে মূল বিজয়ী শাহরিয়ার নাফিজসহ মোট ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া উপস্থিত থেকে মেগা বিজয়ীর হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেন। নগদের পুরস্কার বিজয়ী শাহরিয়ার নাফিজ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গেই স্টেডিয়ামে বসে সরাসরি বাংলাদেশ দলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচটি উপভোগ করবেন।

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, নগদের সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় মেগা পুরস্কারের পাশাপাশি রিচার্জ ক্যাম্পেইনে বিজয়ী ময়মনসিংহের মুক্তাগাছার শাহীন আলমের হাতে ভিডিও গেম কনসোল পিএসফাইভ তুলে দেওয়া হয়। এর আগে রিচার্জ ক্যাম্পেইনে আরো দুজন বিজয়ী জিতে নেন ভিডিও গেম কনসোল পিএসফাইভ।  

নগদের কুইজ ক্যাম্পেইনে বিজয়ীদের হাতে ‘নগদ গিফট বক্স’ তুলে দেওয়া হয়। বিজয়ীরা হলেন ঢাকার কারিব-উর-রহমান, চট্টগ্রামের চাকরিজীবী মো. আমজাদ আলী রিয়াদ, মৌলভীবাজারের শিক্ষার্থী মো: ইয়াছারুজ্জামান মিতুল, মোহাম্মদপুরের প্রকৌশলী মো: মখলেছুর রহমান, বিমান বাংলাদেশ-এর অপারেশনস অফিসার মো. তুহিন রেজা, ঢাকার গৃহিণী ঐশী মনি, মৌলভীবাজারের মাহবুব সাদিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মিজানুর রহমান। 

পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত মেগা পুরস্কার বিজয়ী শাহরিয়ার নাফিজ বলেন, ‘বিদেশের মাটিতে প্রিয় জাতীয় দলের খেলা সরাসরি স্টেডিয়ামে বসে দেখতে পারব, এটা আমার কাছে স্বপ্নের মতো! আর অধিনায়ক জামাল ভূঁইয়ার হাত থেকে এই পুরস্কার নেওয়ার মুহূর্তটি সারাজীবন মনে রাখার মতো। ফুটবলপ্রেমীদের স্বপ্ন পূরণে এমন অসাধারণ সুযোগ করে দেওয়ার জন্য নগদ-কে আন্তরিক ধন্যবাদ।’

গ্রাহকদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘নগদ সব সময়ই গ্রাহকদের আনন্দ ও চাহিদাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। ফুটবল এ দেশের মানুষের প্রাণের খেলা। আমরা চেয়েছি বিশ্বকাপের এই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে এবং গ্রাহকদের ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতাকে আরও উৎসবমুখর করতে। বিজয়ী গ্রাহকদের উষ্ণ অভিনন্দন। নগদের সাথেই থাকুন, সামনে আপনাদের জন্য আরও অনেক দারুণ চমক অপেক্ষা করছে।’

ফুটবল বিশ্বকাপ ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে এবং ডিজিটাল লেনদেনে উৎসাহ বাড়াতে কুইজ ও মোবাইল রিচার্জের সমন্বয়ে এই আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছিল নগদ। অন্যান্য সময়ের মতো এই ক্যাম্পেইনেও গ্রাহকদের অভূতপূর্ব সাড়া পেয়েছে নগদ।