৩১ আগস্ট ২০২৬, ২০:০০

পে-স্কেল: কম পেনশনধারীদের পেনশন দ্বিগুণ, বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ

প্রতীকি ছবি  © এআই তৈরি

নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আওতায় কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ, মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন দ্বিগুণ হবে। পেনশনের পরিমাণ বাড়বে স্ল্যাবভিত্তিক হারে; সর্বোচ্চ পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে ৫৫ শতাংশ।

সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করা হয়। নতুন বেতনস্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে অবসরভোগী পেনশনধারীদের নিট পেনশন বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার ‘এক গ্রেড এক পেনশন’ বা ‘ওয়ান র‌্যাংক ওয়ান পেনশন’ (ওআরওপি) পদ্ধতি চালুর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সামরিক ও অসামরিক উভয় ক্ষেত্রে একই সঙ্গে এ পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।

তবে ওআরওপি বাস্তবায়নে বিপুল আর্থিক সংশ্লেষের পাশাপাশি অসামরিক কর্মচারীদের ক্ষেত্রে ২০১৯ সালের আগে অবসর নেওয়া কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য না থাকায় তা একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এ কারণে পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে ওআরওপি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বিকল্প ব্যবস্থা হিসেবে অবসরভোগী পেনশনধারীদের জীবনযাত্রার মান এবং বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে স্ল্যাবভিত্তিক নিট পেনশন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

যেভাবে বাড়বে পেনশন

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মাসে ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের নিট পেনশন ১০০ শতাংশ বাড়বে। ফলে বর্তমানে কেউ ৯ হাজার টাকা নিট পেনশন পেলে নতুন হারে তা বেড়ে দাঁড়াবে ১৮ হাজার টাকা। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে পেনশন বাড়বে ৭৫ শতাংশ।

এ ছাড়া ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনধারীদের জন্য বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে ৬৫ শতাংশ। ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ৬০ শতাংশ। আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে পেনশন বাড়বে ৫৫ শতাংশ।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম নিট পেনশন পাওয়া পেনশনভোগীরা বেশি সুবিধা পাবেন। অর্থাৎ, যাদের বর্তমান নিট পেনশন কম, নতুন ব্যবস্থায় তাদের পেনশন বৃদ্ধির হারও তুলনামূলক বেশি হবে।

সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ সময় আগে অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের একটি বড় অংশ বর্তমানে তুলনামূলক কম পেনশন পাচ্ছেন। সময়ের সঙ্গে জীবনযাত্রার ব্যয় বাড়লেও তাদের পেনশন একই হারে বাড়েনি। নতুন স্ল্যাবভিত্তিক বৃদ্ধির ফলে এসব পেনশনভোগীর আর্থিক সক্ষমতা কিছুটা বাড়বে।

অন্যদিকে, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ‘এক গ্রেড এক পেনশন’ ব্যবস্থা বাস্তবায়নের বিষয়টিও রয়েছে। তবে আর্থিক চাপ ও প্রয়োজনীয় তথ্য-উপাত্তের সীমাবদ্ধতার কারণে তা একবারে কার্যকর না করে ধাপে ধাপে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে আপাতত স্ল্যাবভিত্তিক নিট পেনশন বৃদ্ধিকেই অবসরভোগী সরকারি কর্মচারীদের জন্য তাৎক্ষণিক আর্থিক সুবিধা হিসেবে দেখছে সরকার।