৩১ আগস্ট ২০২৬, ১৯:০৬

পে-স্কেল: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মাসিক ভাতা ৩ হাজার টাকা 

পে-স্কেল  © সংগৃহীত

নতুন বেতনস্কেলে  সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য মাসিক ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য একজন সরকারি কর্মচারী মাসে ৩ হাজার টাকা করে এ ভাতা পাবেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অতিরিক্ত পরিচর্যা, চিকিৎসা ও শিক্ষা ব্যয়সহ পরিবারের বাড়তি আর্থিক চাপ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। কিছুক্ষণের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এ বিষয়ে ব্রিফ করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতনস্কেলে সরকারি কর্মচারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা পুনর্বিন্যাসের অংশ হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য এ ভাতা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা সরকারি কর্মচারীরা নিয়মিত বেতনের পাশাপাশি সন্তানের জন্য আলাদা আর্থিক সহায়তা পাবেন।

প্রস্তাব অনুযায়ী, একজন সরকারি কর্মচারীর একাধিক বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে প্রত্যেক সন্তানের জন্য নির্ধারিত হারে ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনায় থাকবে। অর্থাৎ, প্রতি সন্তানের জন্য মাসিক ৩ হাজার টাকা করে ভাতা প্রাপ্য হবে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দিক পর্যালোচনার পর নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন গ্রেডের বেতন পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়। এরপর আলোচনা শেষে নতুন পে-স্কেলে গ্রেড-১-এর বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে ২০তম গ্রেডে বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়।

মন্ত্রিসভায় অনুমোদনের পর এখন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনুমোদিত বেতন কাঠামোর গেজেট প্রকাশে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।

গেজেট প্রকাশের পর নতুন পে-স্কেলের কার্যকর তারিখ, গ্রেডভিত্তিক পূর্ণাঙ্গ বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে জানা যাবে।