পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন করার সুযোগ দিচ্ছে ডিএসসিসি
ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ও ব্যবসা-বাণিজ্যে গতি আনতে একবারে পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। একই সঙ্গে ঘরে বসে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি সহ অন্যান্য সেবা পাওয়ার প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
রবিার (১৬ আগস্ট) মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে ডিএসসিসি ও ডিসিসিআই যৌথভাবে আয়োজিত ‘স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত এ সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম ও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান উপস্থিত ছিলেন।
প্রশাসক মো. আব্দুস সালাম জানান, ট্রেড লাইসেন্স জালিয়াতি রোধে মাঝখানে কিছুটা কঠোরতা অবলম্বন করতে হলেও খুব শিগগিরই ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স পরিশোধের প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ঘরে বসে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আগামী কয়েকদিনের মধ্যে একবারে পাঁচ বছরের জন্য লাইসেন্স নবায়নের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া পুরান ঢাকার বিভিন্ন মার্কেটের বকেয়া কর ও লাইসেন্স সংক্রান্ত জটিলতা কাটাতে চেম্বার নেতাদের সমন্বয়ে মার্কেটভিত্তিক প্রতিনিধি দল পাঠিয়ে সমাধানের আশ্বাস দেন তিনি।
পুরান ঢাকার ৪১৬ বছরের ঐতিহ্য ও সংস্কৃতি ফিরিয়ে আনতে একটি ‘হেরিটেজ কর্মসূচি’ চালুর পরিকল্পনার কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক সবাইকে ঢাকাকে নিজের শহরের মতো ভালোবাসার আহ্বান জানান। নগরীর যানজট, ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করা প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশন কাউকে পুরোপুরি উচ্ছেদ করতে চায় না, তবে নগর জীবনে শৃঙ্খলা ফেরানো জরুরি। এ বিষয়ে পুলিশ ও সিটি করপোরেশনের পাশাপাশি সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।