০৩ আগস্ট ২০২৬, ২০:৩৯

চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে গেল কনটেইনারবাহী জাহাজ

জেটিতে প্রবেশের সময় রিটেইনিং ওয়ালে আটকে যায় কনটেইনারবাহী জাহাজটি  © সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ার সময় স্টিয়ারিংয়ে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রিটেইনিং ওয়ালে আটকে গেছে এমভি সিএনসি ইউরেনাস নামে একটি কনটেইনারবাহী জাহাজ। এর আগে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি ২ নম্বর রেড বয়ায় সজোরে ধাক্কা দেয়।

আজ সোমবার (৩ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দর চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় কেউ হতাহত হননি। আটকে পড়া জাহাজটি নিরাপদে সরিয়ে নিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বন্দর সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে কনটেইনারবাহী জাহাজটিকে নিজস্ব পাইলট দিয়ে চ্যানেল হয়ে জেটিতে নিয়ে আসা হচ্ছিল। পথিমধ্যে হঠাৎ জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা বিকল হয়ে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি প্রথমে ২ নম্বর রেড বয়ায় ধাক্কা দেয় এবং পরবর্তীতে চ্যানেলের রিটেইনিং ওয়ালে গিয়ে আটকে যায়।

দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারে নামে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের শক্তিশালী দুটি টাগবোট ‘কাণ্ডারি-৪’ ও ‘কাণ্ডারি-১১’ দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। জাহাজটিকে দ্রুত সরাতে এবং প্রধান নৌরুটে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে।