০১ আগস্ট ২০২৬, ১২:১৬

‘আইডেব এক্সিলেন্স ইন্টোরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড’ কমিটির চেয়ারম্যান হলেন সাইফুল ইসলাম সরন

মো. সাইফুল ইসলাম সরন ও আইডেব-এর লোগো   © টিডিসি সম্পাদিত

ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডেব)-এর এক্সিলেন্স ইন্টোরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬-এর চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, প্রফেশনাল মেম্বার ও প্রতিষ্ঠাতা সদস্য মো. সাইফুল ইসলাম সরন।

সম্প্রতি আইডেব-এর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে সাইফুল ইসলাম সরনের দীর্ঘদিনের পেশাগত অবদান, দূরদর্শী নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং নিরলস কর্মপ্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

কার্যনির্বাহী কমিটির মতে, তার নেতৃত্বে এক্সিলেন্স ইন্টোরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড-২০২৬ আন্তর্জাতিক মানসম্পন্ন একটি আয়োজনে পরিণত হবে। একই সঙ্গে এ আয়োজন বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পে উৎকর্ষ, সৃজনশীলতা, উদ্ভাবন এবং পেশাদারিত্বের নতুন মানদণ্ড প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পকে বৈশ্বিক পরিমণ্ডলে আরও শক্তিশালীভাবে তুলে ধরতেও এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাইফুল ইসলাম সরনের বিচক্ষণ নেতৃত্ব, সুদূরপ্রসারী পরিকল্পনা এবং পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড দেশের সেরা ইন্টেরিয়র ডিজাইনারদের সম্মানিত করার পাশাপাশি নতুন প্রজন্মের ডিজাইনারদের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত উন্মোচন করবে।

এদিকে, আইডেব-এর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান হিসেবে মনোনীত হওয়ায় মো. সাইফুল ইসলাম সরনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।