২৬ জুলাই ২০২৬, ২১:১৪

ফ্রিল্যান্সারদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক 

বাংলাদেশ ব্যাংক  © সংগৃহীত

বৈধ উপায়ে ফ্রিল্যান্সারদের আয় দেশে আনার ব্যবস্থাকে আরও সহজ করে ফ্রিল্যান্সারদের সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে তথ্যপ্রযুক্তি খাত ও অনলাইন সেবা রপ্তানিকারকদের (ফ্রিল্যান্সার) সুবিধার্থে বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ করে সমন্বিত নির্দেশনা জারি করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি।

নতুন নির্দেশনায় ইন্টারনেটের মাধ্যমে সেবা রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রচলিত ইএক্সপি (EXP) ফরম পূরণের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে প্রাসঙ্গিক ডিজিটাল প্রমাণের ভিত্তিতে অর্থ জমা ও হিসাবায়ন করা সম্ভব হবে। এছাড়া সর্বোচ্চ ২০,০০০ মার্কিন ডলার পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনো প্রকার ‘ফরম-সি’ ছাড়াই সরাসরি অ্যাকাউন্টে অর্থ জমা করা যাবে।

নির্দেশনা অনুযায়ী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার (OPGSP)-এর মাধ্যমেও অর্থ আনা যাবে, যেখানে প্রতি লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ১০,০০০ মার্কিন ডলার। পাশাপাশি আইসিটি খাতের আয়ের বিপরীতে সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অন্যান্য সেবা রপ্তানির ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত অর্থ ইআরকিউ (ERQ) অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রায় জমা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ইআরকিউ অ্যাকাউন্টের আওতায় ইস্যুকৃত ডুয়াল কারেন্সি ফ্রিল্যান্সার কার্ডে বৈদেশিক মুদ্রা রাখা ও ব্যবহার করা যাবে। পাশাপাশি বিদেশি পিএসপির সহায়তায় স্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (PSP) মাধ্যমেও আইসিটি খাতের বৈদেশিক আয় সহজে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হবে। এই উদ্যোগের ফলে বৈধ পথে রেমিট্যান্স বৃদ্ধি পাবে এবং দেশীয় ফ্রিল্যান্সারদের আর্থিক সক্ষমতা বহুগুণ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।