২১ জুলাই ২০২৬, ১৭:১৭

সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের লোগো   © টিডিসি সম্পাদিত

বাজেট ঘাটতি মেটাতে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) সরকারের অভ্যন্তরীণ ঋণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে সরকারের নিট অভ্যন্তরীণ ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৩৭৪ কোটি টাকা, যা পুরো অর্থবছরের জন্য নির্ধারিত ১ লাখ ২৫ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার ৮৪ দশমিক ৩ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের প্রকাশিত ‘মাসিক প্রতিবেদন অন গভর্নমেন্ট ডোমেস্টিক বোরোয়িং-এপ্রিল ২০২৬’-এ এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে নিট ১ লাখ ৪ হাজার ৬০৬ কোটি টাকা ঋণ নিয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৫০ হাজার ৭৮৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংক থেকে সরকারের নিট ঋণ বেড়েছে প্রায় ৫৪ হাজার কোটি টাকা। বিপরীতে জাতীয় সঞ্চয়পত্রসহ ব্যাংকবহির্ভূত উৎস থেকে নিট ঋণ এসেছে মাত্র ৭৬৮ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩১ হাজার ৫৫ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সরকারি ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ বাড়ায় ব্যাংক ঋণের ওপর সরকারের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে জাতীয় সঞ্চয়পত্র থেকে নিট ঋণ ঋণাত্মক হওয়ায় ব্যাংকবহির্ভূত উৎসের অবদান কমেছে।

জুলাই-এপ্রিল সময়ে জাতীয় সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ৭৫ হাজার ৮২০ কোটি টাকার, কিন্তু একই সময়ে মেয়াদপূর্তিসহ বিভিন্ন কারণে সরকারকে পরিশোধ করতে হয়েছে ৭৬ হাজার ২৫০ কোটি টাকা। ফলে এ খাতে সরকারের নিট পরিশোধ দাঁড়িয়েছে ৪২৯ কোটি টাকা।

শুধু এপ্রিল মাসেই সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ২৫ হাজার ৪৩৬ কোটি টাকা ঋণ নিলেও পরিশোধ করেছে ৩০ হাজার ৩২৩ কোটি টাকা। ফলে ওই মাসে ব্যাংক খাতে সরকারের নিট পরিশোধ হয়েছে ৪ হাজার ৮৮৮ কোটি টাকা। একই সময়ে ব্যাংকবহির্ভূত উৎস থেকে সরকার ১ হাজার ৩৭১ কোটি টাকা নিট ঋণ সংগ্রহ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শরিয়াহভিত্তিক সরকারি অর্থায়নের উপকরণ বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক ইনভেস্টমেন্ট বন্ড (বিজিআইআইবি)-এর নিট স্থিতি জুলাই-এপ্রিল সময়ে ৬ হাজার ৬১১ কোটি টাকা বেড়েছে। এছাড়া বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক (বিজিআইএস)-এর স্থিতি এপ্রিল শেষে বেড়ে ৩৬ হাজার ৫০০ কোটি টাকায় পৌঁছেছে।