ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত
টানা মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় আবারও কমেছে দেশের বাজারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম নেমে এসেছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়।
সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, সোমবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এর আগে একই মানের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।
এ ছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম রাখা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
অন্যদিকে স্বর্ণের দাম কমানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।