কর্মরত অবস্থায় স্ট্রোক করে ইসলামী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
নিজ কর্মস্থলে দায়িত্ব পালনকালে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে পুরান ঢাকার সদরঘাট শাখায় অসুস্থ হয়ে পড়েন মো. মশিউর রহমান নামে ওই কর্মকর্তা। পরে তাকে সেখানকার একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মশিউর রহমান ব্যাংকটির সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০-এর মতো।
চিকিৎসকদের বরাত দিয়ে ওই শাখার প্রধান মো. জহিরুল ইসল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এর আগে দুপুরে ব্যাংকে তিনি অসুস্থ হলে পড়লে তাকে আজগর আলী হাসপাতাললে ভর্তি করা হয়েছিল।
সম্প্রতি ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশিদ আলমের নিয়োগ ঘিরে চলমান অস্থিরতার মধ্যে সারাদেশে ব্যাংক গ্রাহকদের টাকা তোলার হিড়িক পড়েছে।
সদরঘাট শাখা সূত্রে জানা গেছে, এই শাখায়ও বিগত কয়েকদিন ধরে গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দেওয়ার প্রেশার, টাকা ম্যানেজ করা, গ্রাহককে শান্তশিষ্ট রাখা প্রভৃতি চতুর্মুখী মানসিক চাপে ছিলেন এই কর্মকর্তা। আজ দুপুরে কর্মরত অবস্থায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমকে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ হারান। চলতি মাসের ১ তারিখ দায়িত্ব গ্রহণের কথা ছিল তার।
তবে তার নিয়োগকে কেন্দ্র করে 'ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম'-এর ব্যানারে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়। এতে ওই দিনের নির্ধারিত বোর্ড সভা বাধাগ্রস্ত হয়, কারণ বিক্ষোভের কারণে খুরশিদ আলম তার প্রথম কর্মদিবসে উপস্থিত হতে পারেননি।
পরে কেন্দ্রীয় ব্যাংক সভাটি অনলাইনে আয়োজনের নির্দেশ দেয়। একই দিনে ব্যাংক কর্মকর্তাদের বিক্ষোভের মধ্যেই তৎকালীন চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগ করেন।