১১ জুন ২০২৬, ২০:৩০

নতুন বাজেটে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ, জুলাই যোদ্ধারা পাচ্ছেন বিশেষ সুবিধা

প্রতীকী ছবি   © টিডিসি সম্পাদিত

২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেটে করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রস্তাবে গেজেটভুক্ত জুলাই যোদ্ধােদের বিশেষ শ্রেণির করদাতার সুবিধা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় আগামী ৫ বছরের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের নিম্নরূপ করমুক্ত আয়ের সীমা প্রস্তাব করছি। প্রস্তাব অনুযায়ী ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষের জন্য করমুক্ত আয়ের সীমা ধার্য করা হয়েছে ৩ লাখ ৭৫ হাজার টাকা। ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষের জন্য ৪ লাখ এবং ২০৩০-৩১ করবর্ষের জন্য সাড়ে ৪ লাখ টাকা করমুক্ত আয়ের সীমা ধার্য করা হয়েছে। পরবর্তী বছরগুলোতে ক্রমান্বয়ে করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির প্রস্তাব করছি।
 
তিনি আরও বলেন. বিশেষ শ্রেণির করদাতাগণের জন্য আলাদা করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয়েছে। নারী এবং ৬৫ বছর ও তদূর্ধ্ব বয়সের সিনিয়র সিটিজেনদের জন্য ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষে ৪ লাখ ২৫ হাজার, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষের জন্য সাড়ে ৪ লাখ এবং ২০৩০-৩১ করবর্ষের জন্য ৫ লাখ টাকা করমুক্ত আয়ের সীমা ধার্য করা হয়েছে। তৃতীয় লিঙ্গের এবং প্রতিবন্ধী করদাতাদের জন্য ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষে ৫ লাখ, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষের জন্য ৫ লাখ ২৫ হাজার এবং ২০৩০-৩১ করবর্ষের জন্য ৫ লাখ ৭৫ হাজার টাকা করমুক্ত আয়ের সীমা ধার্য করা হয়েছে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত জুলাই যোদ্ধা করদাতাদের ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষে ৫ লাখ ২৫ হাজার, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষের জন্য সাড়ে ৫ লাখ এবং ২০৩০-৩১ করবর্ষের জন্য ৬ লাখ টাকা করমুক্ত আয়ের সীমা ধার্য করা হয়েছে।