শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (১২ জুন) থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।
বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত ১ জুন থেকে শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ জুন থেকে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এতে বলা হয়, নতুন এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য সব ধরনের মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান জরুরি সেবার অন্তর্ভুক্ত থাকায় এই নির্দেশনার আওতার বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সব বিলবোর্ডের বাতি রাত ৯টার মধ্যে আবশ্যিকভাবে বন্ধ করতে হবে। পাশাপাশি মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৯টার মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে পবিত্র ঈদুল আজহা ঘিরে সারা দেশে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের পর থেকে আবারও সন্ধ্যা ৭টায় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখা হয়।