১১ জুন ২০২৬, ১৫:০৮

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সরকারের ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি

প্রতীকী ছবি  © এআই সৃষ্ট

'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি'-এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে নিজ বাসায় বা আঙিনায় ১ কোটি বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ ব্যবস্থাপনা এই পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। 

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি এবং টেলিযোগাযোগ খাতকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে আগামী পাঁচ বছরে এ খাতের অবদান জিডিপির ১-২ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় এ খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১৬ হাজার ৯৫২ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেট সূত্রে জানা গেছে, ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে,  আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩.৫ লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে। 

এছাড়া, ২০২৬-২৭ অর্থবছরে ২৫,৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা রোপণ। ৩,৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা রোপণ। ৪,০০০ হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা রোপণ। বসতবাড়ি বনায়নে ৫৬ লাখ চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় ম্যানগ্রোভ বনের ৫০ শতাংশকে কার্বন ট্রেডিং কার্যক্রমের আওতায় আনা হবে। বর্জ্য ব্যবস্থাপনায় 'সার্কুলার ফিউচার মডেল' বাস্তবায়ন করা হবে।