০৭ জুন ২০২৬, ১৬:১৭

৩০ জুনের মধ্যে ভ্যাট রিটার্ন না দিলে ‘ফ্রিজ’ হবে ব্যালেন্স!

ভ্যাট রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে অন্তর্ভুক্ত করার সময়সীমা আরও বাড়িয়েছে এনবিআর  © সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাগজে জমা দেওয়া ভ্যাট রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে অন্তর্ভুক্ত করার সময়সীমা আরও বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ৩০ জুন পর্যন্ত হার্ডকপি রিটার্ন অনলাইনে এন্ট্রি করার সুযোগ পাবেন।

রবিবার (৭ জুন) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন এন্ট্রি সম্পন্ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মে ২০২৬ পর্যন্ত ক্লোজিং ব্যালেন্স ‘ফ্রিজ’ বা অকার্যকর হিসেবে বিবেচিত হবে। ফলে ওই ব্যালেন্সের বিপরীতে পরবর্তী সময়ে কোনো ধরনের সমন্বয় করা যাবে না।

এনবিআর জানায়, ‘করদাতাদের পূর্বে দাখিল করা মাসিক ভ্যাট রিটার্নগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণের উদ্দেশ্যে ই-ভ্যাট ব্যবস্থায় ‘হার্ড কপি রিটার্ন এন্ট্রি’ নামে একটি বিশেষ সাব-মডিউল চালু করা হয়েছে। এর মাধ্যমে পুরোনো রিটার্নগুলো ধাপে ধাপে অনলাইন সিস্টেমে যুক্ত করা হচ্ছে।’

সংস্থাটির পর্যালোচনায় দেখা গেছে, এখনো বিপুল সংখ্যক হার্ডকপি রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে অন্তর্ভুক্ত হয়নি। এ পরিস্থিতিতে এবং আগামী জুলাই থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: দেশের গহনাপ্রেমীদের জন্য সুখবর, স্বর্ণের দামে বড় পতন

এনবিআর আরও জানিয়েছে, ‘ভ্যাট রিফান্ড বা অর্থ ফেরতের আবেদন করতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শতভাগ রিটার্ন অনলাইনে সংরক্ষিত থাকতে হবে। পূর্ববর্তী সব রিটার্ন সিস্টেমে এন্ট্রি না থাকলে কোনো প্রতিষ্ঠান রিফান্ডের জন্য আবেদন করতে পারবে না।’

রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি এবং পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য অনলাইনে অন্তর্ভুক্ত করতে করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।