দেশের বাজারে সোনার দামের ভরি কত আজ?
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে আমদানিনির্ভর হওয়ায় দেশের বাজারে প্রায় প্রতিনিয়তই ওঠানামা করছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ ঘোষণা অনুযায়ী, গত ২৫ মে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ায় বাজুস। সেই দামেই আজ শুক্রবার (২৯ মে) বিক্রি হচ্ছে মহামূল্যবান এই ধাতু।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে ক্রেতাদের খরচ করতে হবে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
এছাড়া নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।
বাজুস জানিয়েছে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদের আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও গুণগত মানভেদে মজুরির হারে তারতম্য হতে পারে।
স্বর্ণের বাজার বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে রেকর্ড ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধির সঙ্গে মিলিয়ে দেশের বাজারে দাম বাড়ানো হয়েছে ৩৭ দফা, আর বিপরীতে দাম কমানো হয়েছে ৩২ দফা।