পদত্যাগের ঘণ্টা তিনেকের মধ্যেই নতুন চেয়ারম্যান পেল ইসলামী ব্যাংক
আগের চেয়ারম্যানের পদত্যাগের তিনঘন্টা পর নতুন চেয়ারম্যান পেল দেশের আলোচিত ব্যাংকিং প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির চেযারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ রবিবার (২৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের এক চিঠির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়। এর আগে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। গত বছরের ২৩ জুলাই সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগের পর জুবায়দুর রহমানকে এই পদে নিয়োগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। তবে ২০২৪ সালের আগস্টে জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারালে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনিসহ শীর্ষ চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন। ডেপুটি গভর্নরের পদ হারানোর পর এবার তাকে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দিল বাংলাদেশ ব্যাংক।
এদিকে, ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর আকস্মিক আন্দোলনের মুখে আজ রবিবার রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে পূর্বনির্ধারিত পরিচালনা পর্ষদের (বোর্ড) সভাটি অনুষ্ঠিত হতে পারেনি। এই পর্ষদ সভায় এসে বাধ্যতামূলক ছুটিতে থাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগ করার কথা ছিল।
গত এপ্রিল মাসে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে তাঁকে ৪৯ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়, যা আগামী ৩১ মে শেষ হওয়ার কথা ছিল। আজ ওমর ফারুক প্রধান কার্যালয়ের সামনে উপস্থিত হলেও আন্দোলনকারীদের বাধার মুখে ব্যাংকে প্রবেশ করতে পারেননি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তিনিও ইতিমধ্যে ব্যাংকের চেয়ারম্যান বরাবর তার পদত্যাগপত্র জমা দিয়ে গেছেন।