ইউরোপীয়ান গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১ মে) ইইউ তাদের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির শর্তাবলি যথাযথভাবে পালন না করার অভিযোগে তিনি এই কঠোর পদক্ষেপ নিচ্ছেন। খবর গার্ডিয়ানের
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আগামী সপ্তাহ থেকেই এই নতুন শুল্ক কার্যকর হবে। তিনি স্পষ্ট করে বলেন, ইইউ থেকে যুক্তরাষ্ট্রে আসা গাড়ি ও ট্রাকের ওপর এখন থেকে ২৫ শতাংশ হারে শুল্ক দিতে হবে।
তবে ট্রাম্প একটি বিকল্প সুবিধাও ঘোষণা করেছেন। তিনি জানান, ‘যেসব ইউরোপীয় কোম্পানি যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা কারখানায় গাড়ি ও ট্রাক উৎপাদন করবে, তাদের কোনো শুল্ক দিতে হবে না। ট্রাম্পের দাবি, বর্তমানে যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে অনেকগুলো গাড়ি ও ট্রাক তৈরির কারখানা নির্মাণাধীন রয়েছে, যা দেশটির ইতিহাসে একটি রেকর্ড।’
প্রেসিডেন্ট আরও যোগ করেন, এই কারখানাগুলো চালু হলে বিপুল সংখ্যক মার্কিন কর্মীর কর্মসংস্থান হবে। আমেরিকায় বর্তমানে যা ঘটছে, তা আগে কখনও দেখা যায়নি উল্লেখ করে তিনি এটাকে দেশের গাড়ি নির্মাণ শিল্পের এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেন।
মূলত স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং বিদেশি আমদানির ওপর নির্ভরতা কমাতেই ট্রাম্প প্রশাসন এই বিতর্কিত কিন্তু কঠোর বাণিজ্যিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।