৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৯

টানা ৩ দফায় কমল সোনার দাম, আজ ভরি কত?

সোনার দাম কমেছে  © সংগৃহীত

টানা তিন দফা কমেছে সোনার দাম। তিন দফায় সোনার দাম মোট ৭৭০০ টাকা কমেছে। সর্বশেষ দাম কমার পর আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ২২ ক্যারেটের ভালো মানের সোনার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বুধবার (২৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের সোনা ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে, সর্বশেষ গত ২৮ এপ্রিল সোনার দাম সমন্বয় করে বাজুস। সে সময়ও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৬ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।