০৭ এপ্রিল ২০২৬, ২১:০৯

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না

জাতীয় রাজস্ব বোর্ড  © টিডিসি সম্পদিত

আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণে বড় পদক্ষেপ হিসেবে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এফএক্সটিএমএস) আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। পণ্য আমদানির বিপরীতে ব্যাংক থেকে নেওয়া আমদানিকারকদের চালান এখন অনলাইনেই যাচাই করবে এনবিআর। ফলে আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, ইতোমধ্যে এটির ব্যবহারকারী গ্রহণযোগ্যতা যাচাই শেষ হয়েছে। মঙ্গলবার থেকে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ কার্যক্রম উদ্বোধন করেন।

এতদিন ব্যাংক থেকে প্রত্যয়িত কমার্শিয়াল ইনভয়েস কাস্টমস কর্তৃপক্ষের কাছে হার্ড কপিতে জমা দিতে হতো। তবে নতুন এই আন্তঃসংযোগ চালুর ফলে এখন থেকে এফএক্সটিএমএস থেকে রিয়েল-টাইম ভিত্তিতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে ইনভয়েসের তথ্য চলে যাবে। ফলে কাস্টমস অফিসে গিয়ে আলাদাভাবে কাগজ জমা দেওয়ার প্রয়োজন থাকবে না।

এনবিআর চেয়ারম্যান বলেন, কমার্শিয়াল ইনভয়েস যাচাই প্রক্রিয়া হবে সম্পূর্ণ অনলাইন ও রিয়েল-টাইম কাগজপত্রের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে। এতে রাজস্ব ফাঁকি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। এতে রাজস্ব ঝুঁকি হ্রাস পাবে। আমদানি-রপ্তানি পণ্যের খালাস হবে সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত হবে। পাশাপাশি ট্রেড-বেইজড মানি লন্ডারিং কমবে।

এনবিআর জানায়, পণ্যের মূল্য নির্ধারণে নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি হবে। পাইলটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে পর্যায়ক্রমে বিল অব অ্যান্ট্রিতে বাধ্যতামূলকভাবে কমার্শিয়াল ইনভয়েস সংযোজনের ব্যবস্থা চালু করা হবে।

এনবিআর বলছে, বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের এই যৌথ উদ্যোগ কাগজবিহীন কাস্টমস ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সহজ হবে এবং কাস্টমস ব্যবস্থার আধুনিকায়ন ত্বরান্বিত হবে।