ঈদের দিনেও বিশ্ব বাজারে কমল স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মূল্যবান এ ধাতুর দাম প্রায় ১.৮ শতাংশ কমেছে। বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানই এর প্রধান কারণ। বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত সেনা মোতায়েন করতে পারে এমন খবর প্রকাশের পর ডলারের মান বেড়ে যায়। এর ফলে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে মূল্যস্ফীতি এবং সুদের হার বৃদ্ধির সম্ভাবনাকে আরও জোরালো করছে।
স্পট মার্কেটে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,৫৬৩.৬৪ ডলারে, যা দিনের হিসাবে প্রায় ১.৮ শতাংশ পতন। যদিও এর আগে একই দিনে স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ পর্যন্ত বেড়েছিল।
এদিকে, এপ্রিল মাসের ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সও কমেছে। এ ক্ষেত্রে দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৭৪.৯০ ডলারে নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, ডলার শক্তিশালী থাকলে এবং সুদের হার বাড়ার সম্ভাবনা থাকলে স্বর্ণের বাজারে চাপ অব্যাহত থাকতে পারে। কারণ এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা সাধারণত স্বর্ণের বদলে ডলারের মতো নিরাপদ সম্পদের দিকেই ঝুঁকে পড়েন।