২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৪

ওয়েস্টিনের জিলাপির কেজি ৪০০০, ইন্টারকন্টিনালে ২৫০০—কারণ কী?

জিলাপি  © সংগৃহীত

ইফতারিতে অন্যতম অনুষঙ্গ জিলাপি। দাম ভেদে বাজারে রয়েছে মিষ্টিজাতীয় খাবারটির হরেক রকম পদ। তবে প্রতিবছর রমজান আসলে জিলাপির দামের হিড়িক পড়ে বাজারে। রমজানে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে বাহারি পদের জিলাপি। বাজার ঘুরে দেখা গেছে, এবারে হোটেল ভেদে প্রতিকেজি জিলাপি বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ৪ হাজার-এর মধ্যে। 

হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে এক কেজি জিলাপি কিনতে এবার খরচ করতে হবে ২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালে অবশ্য সোনার জিলাপি তৈরি করে খবরের শিরোনাম হয়েছিল হোটেলটি। সেবার প্রতি কেজি জিলাপি ২০ হাজারে বিক্রি করেছিল তারা। অন্যদিকে হোটেল রেডিসন ব্লু ঢাকা, ওয়াটার গার্ডেনে ঘিয়ে ভাজা জিলাপির দাম রাখা হয়েছে প্রতি কেজি ২ হাজার ৯০০ টাকা। আর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক কেজি জিলাপির দাম ধরা হয়েছে ৩ হাজার ২০০ টাকা।

এবারের রমজানে জিলাপির সর্বোচ্চ দাম রেখেছে গুলশানের পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্টিন। হোটেলটির জাফরান মিশ্রিত এই জিলাপির দাম রাখা হাঁকা হয়েছে ৪ হাজার টাকা। এবছর ওয়েস্টিনে ১০ রকমের জিলাপি পাওয়া যায়। তবে রেশমি ও জাফরান দিয়ে তৈরি জিলাপির কদর বেশি। এ ছাড়া চিনিমুক্ত জিলাপিও রয়েছে। 

এদিকে বাজারে সাধারণ জিলাপি ধরনভেদে কেজিতে ২০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ঘিয়ে ভাজা কিংবা তিল দিয়ে তৈরি জিলাপি প্রতিকেজি ৩৫০ থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি করছে দোকানগুলো।